মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে উদ্যোগ, ১০ উদ্যোক্তাকে ঋণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক ২৪ নভেম্বর ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৪ নভেম্বর ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন
বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে উদ্যোগ, ১০ উদ্যোক্তাকে ঋণ বিতরণ

জ্বালানি সাশ্রয়, জৈব সার উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টিতে বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে গুরুত্ব দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে রাজশাহীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় পুঠিয়া, বাঘা ও বাগমারা উপজেলার ১০ জন উদ্যোক্তা ও খামারির মধ্যে ১০ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।


মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের বিরস্তইল এলাকায় ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উদ্যোগে ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে খামারিরা জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি জৈব সার উৎপাদন করতে পারবেন। এতে কৃষিকাজেও ইতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে যুব ঋণের সঠিক ব্যবহার খামার সম্প্রসারণ ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঋণের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে উদ্যোক্তারা নিজেদের স্বাবলম্বী করে তুলবেন বলে তিনি আশা প্রকাশ করেন।


পরে প্রতিমন্ত্রী প্রকল্পের আওতায় নির্মিত বায়োগ্যাস প্ল্যান্টগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি তরুণ উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এরপর নির্বাচিত সুবিধাভোগীদের হাতে যুব ঋণের চেক তুলে দেন।


যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ইমপ্যাক্ট তৃতীয় পর্যায়’ প্রকল্পের আওতায় রাজশাহীর পুঠিয়া, বাঘা ও বাগমারা উপজেলার ১০ জন উদ্যোক্তা ও খামারির মধ্যে মোট ১০ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও খামার সম্প্রসারণে এ ঋণ সহায়তা দেওয়া হয়েছে। পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার এবং গ্রামীণ অর্থনীতিতে তরুণদের সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।


যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন।


পবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বায়োগ্যাস ইঞ্জিনিয়ার মাহাফুজুর ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রকল্পের সুবিধাভোগীরা।


ঋণপ্রাপ্তদের মধ্যে পুঠিয়া উপজেলার শাকিব খান, হাসি বেগম ও হিরা বিবি প্রত্যেকে এক লাখ টাকা করে পেয়েছেন। বাঘা উপজেলার জুয়েল আক্তার, শারমিন আক্তার ও নবীউল ইসলাম পেয়েছেন প্রত্যেকে এক লাখ ২০ হাজার টাকা করে। বাগমারা উপজেলার মুক্তি আখতার ও হাসান আলী দেওয়ান পেয়েছেন প্রত্যেকে এক লাখ টাকা এবং তিশা খাতুন ও আব্দুল বারী পেয়েছেন প্রত্যেকে ৮০ হাজার টাকা করে।