মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

রাবি ক্যাম্পাসে ফুটসাল গ্রাউন্ড নির্মাণ করে দেয়ার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

রাবি প্রতিবেদক ২৪ নভেম্বর ২০২৬ ১০:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২৪ নভেম্বর ২০২৬ ১০:৫০ অপরাহ্ন
রাবি ক্যাম্পাসে ফুটসাল গ্রাউন্ড নির্মাণ করে দেয়ার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

‎রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ফুটসাল গ্রাউন্ড নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতরেই ফুটসাল খেলার সুযোগ তৈরির দাবির পরিপ্রেক্ষিতে তিনি এ আশ্বাস দেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন ও স্টেডিয়াম রক্ষণাবেক্ষণেও সর্বোচ্চ সহযোগিতার কথা জানান তিনি।


‎‎মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) টুর্নামেন্ট ২০২৬-২৭-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।


‎‎আমিনুল হক বলেন, ‘স্যারের একটি আবদার রয়েছে যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে খেলার মাঠ রয়েছে, সেই খেলার মাঠের একটি অংশে আমরা একটি ফুটসাল গ্রাউন্ড করে দিতে চাই। স্যারের কথার জন্য আমি আমাদের প্রশাসককে বলেছি যে আপনি একটি করবেন, আমি একটি ফুটসাল গ্রাউন্ড করে দেব।’


‎‎এর আগে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে ফুটসাল খেলার ব্যবস্থা করার দাবি জানান। তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে এখন যুগের পরিবর্তন হয়েছে। আমার ছাত্রছাত্রীরা রাতে ফুটসাল খেলতে যায় এখান থেকে কয়েক কিলোমিটার দূরে। আমি উপাচার্য হিসেবে আজকে অনুরোধ করব, আমার ছেলেমেয়েরা যেন এই ক্যাম্পাসের মধ্যে ফুটসাল খেলতে পারে। আপনি আজকে আমাদের এই সহযোগিতাটুকু করবেন।’


‎‎বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের গ্যালারির প্রশংসা করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রথমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে এত সুন্দর গ্যালারি দেখে তিনি অভিভূত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।


‎‎এ সময় স্টেডিয়ামটির যথাযথ রক্ষণাবেক্ষণ ও রাতে খেলাধুলার ব্যবস্থা করার প্রয়োজনীয়তা তুলে ধরেন উপাচার্য ফরিদুল ইসলাম। তিনি বলেন, এ স্টেডিয়াম থেকে একসময় অলিম্পিয়ান সাইদুর রহমান ডন ও বাংলাদেশের দ্রুততম মানবী সুফিয়া খাতুনের মতো ক্রীড়াবিদ তৈরি হয়েছেন। সাম্প্রতিক সময়ে শিরিন ও নার্গিসের মতো আন্তর্জাতিক মানের খেলোয়াড়ও উঠে এসেছেন।


‎‎উপাচার্য বলেন, ‘আমার স্বপ্নের কথা যে এই বিশ্ববিদ্যালয়, এই স্টেডিয়ামটি রক্ষণাবেক্ষণ যেন করতে পারি তার ব্যবস্থা নিশ্চয়ই উনি করবেন। এই বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে শুধুমাত্র দিনে খেলা হবে না, রাতেও খেলা হবে, তার ব্যবস্থা করবেন।’


‎‎অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ও নিয়মনীতি মেনে টুর্নামেন্টটি সম্পন্ন হয়েছে। তবে সহশিক্ষা কার্যক্রম ও খেলাধুলার জন্য মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বরাদ্দ বাড়ানো প্রয়োজন। এবারের আয়োজনের বাজেট সীমিত থাকলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বরাদ্দ বাড়িয়ে সুন্দর আয়োজনের চেষ্টা করা হয়েছে।


‎‎এদিকে, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) টুর্নামেন্ট ২০২৬-২৭-এর ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করেন।


‎উল্লেখ্য, গত ১৬ নভেম্বর শুরু হওয়া এ টুর্নামেন্টে দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয় দল অংশ নেয়। এর মধ্যে ‘ক’ বিভাগে ২০টি এবং ‘খ’ বিভাগে ১৯টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।