মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

মোহনপুরে জমি ফিরে পেলেন প্রকৃত মালিক

মোহনপুর প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ১০:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মোহনপুর প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ১০:৫০ অপরাহ্ন
মোহনপুরে জমি ফিরে পেলেন প্রকৃত মালিক

রাজশাহীর মোহনপুরে আদালতের নির্দেশে অবৈধ দখলে থাকা সাড়ে ৫ শতাংশ জমি ফিরে পেয়েছেন দুলাল হোসেন (২৮) নামে এক ব্যক্তি।


মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সইপাড়া গ্রামে পুলিশ আদালতের আদেশ বাস্তবায়ন করে তাঁকে জমির দখল বুঝিয়ে দেয়।


জানা গেছে, সইপাড়া গ্রামের মৃত হামিদ আলীর ছেলে দুলাল হোসেন একই গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে গোলাম রসুলের (৩৫) বিরুদ্ধে জমি অবৈধভাবে দখলের অভিযোগ এনে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় আদালতে আবেদন করেন। আবেদনে তিনি অভিযোগ করেন, তাঁকে তাঁর ভোগদখলীয় জমি থেকে উচ্ছেদ করে জমিটি দখল করা হয়েছে।


আবেদনের শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতারের আদালত গত ২ নভেম্বর জমির দখল ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। আদেশে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে আবেদনকারীর অনুকূলে জমির দখল বুঝিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।


মঙ্গলবার মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে জমিতে লাল নিশানা টাঙিয়ে দুলাল হোসেনকে দখল বুঝিয়ে দেয়। এ সময় এসআই রাকিন আহম্মেদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু বাক্কার সিদ্দিকসহ পুলিশের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সার্ভেয়ার, আইনজীবী ও সাংবাদিকরাও এ সময় উপস্থিত ছিলেন।


আদালতের পর্যবেক্ষণে বলা হয়, আবেদনকারীকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করেই তাঁর ভোগদখলীয় জমি থেকে উচ্ছেদ করা হয়েছিল। প্রতিপক্ষকে জমির দখল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি তা পালন করেননি। পরে আদালত অবৈধ দখলদারকে উচ্ছেদ করে জমির দখল আবেদনকারীর কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। প্রয়োজনে অবৈধ স্থাপনা অপসারণ এবং আদেশ বাস্তবায়নে বাধা দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও আদেশে উল্লেখ করা হয়।


জমির দখল ফিরে পেয়ে আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দুলাল হোসেন। তিনি বলেন, অল্প সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে জমি ফিরে পাওয়ায় তিনি সন্তুষ্ট। এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষের ভূমির অধিকার সুরক্ষিত হবে এবং অবৈধ দখলদারদের দৌরাত্ম্য কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।