শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সেলিমাবাদ বেকি বাগান এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন কানসাট ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম রানা টমাস মাস্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে মাসুম রানা টমাস মাস্টার বলেন, কৃষক কার্ড কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করা এবং তাঁদের কাছে সরকারি কৃষিসেবা ও বিভিন্ন সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া সহজ হবে। কৃষকদের স্বার্থ সুরক্ষা ও কৃষি খাতের উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন কানসাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুট্টু, কৃষি উপসহকারী কর্মকর্তা হাসিবুল ইসলাম রনি ও ওয়াসিলা খাতুন, কানসাট ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকারিয়া ইসলাম বিপ্লব, ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শামীম কবির, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, কানসাট কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা হাফেজ নাইমুল ইসলাম, কানসাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদির ও সাধারণ সম্পাদকসহ যুবদল, ছাত্রদল এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।