নগরীতে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার ৩
রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা এবং সাম্প্রতিক সময়ে সংঘটিত নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
২০২৪ সালের ৫ আগস্ট রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা ও বিস্ফোরণের ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় দণ্ডবিধি এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়।
মামলাটির তদন্তকালে গত ২৩ নভেম্বর ২০২৬ তারিখ রাত সাড়ে ১১টার দিকে আরএমপির আভিযানিক দল মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক বোয়ালিয়া থানাধীন সাগরপাড়া এলাকার মৃত আবেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম খোকন (৬০) এবং বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার সদস্য বোয়ালিয়া থানাধীন হেতেম খাঁ কলাবাগান এলাকার মো. জাহিদুল ইসলামের ছেলে মো. ফারহান (২২)।
এ ছাড়া সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনায় মতিহার থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় একই দিন মো. আরাফাত (২২) নামে আরও একজনকে গ্রেপ্তার করে আরএমপির অপর একটি আভিযানিক দল। তিনি মতিহার থানাধীন বামন শিকড় গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক গালিবের ঘনিষ্ঠজন। তার বিরুদ্ধে মতিহার থানায় দুটি ওয়ারেন্টও রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।