শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

আত্রাইয়ে মাদক কারবার ও সেবনে ৪ জনের কারাদণ্ড

আত্রাই প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
আত্রাই প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ন
আত্রাইয়ে মাদক কারবার ও সেবনে ৪ জনের কারাদণ্ড

নওগাঁর আত্রাইয়ে গাঁজা সেবন ও বিক্রির দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সাহাগোলা রেলগেট-সংলগ্ন মসজিদপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত চারজনের মধ্যে সবদুলকে ছয় মাস, শহিদুল ইসলামকে ১৪ দিন এবং আ. জলিল ও আম্বিয়াকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা সবাই উপজেলার সাহাগোলা গ্রামের বাসিন্দা

।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি সবাইকে মাদক সেবন ও বিক্রিসহ এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

অভিযানে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তাইজুল ইসলাম উপস্থিত ছিলেন।