শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

ভ্যান নিয়ে বেরিয়ে নিখোঁজ, বাঁশঝাড়ে মিলল কিশোরের মরদেহ

মান্দা প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
মান্দা প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন
ভ্যান নিয়ে বেরিয়ে নিখোঁজ, বাঁশঝাড়ে মিলল কিশোরের মরদেহ

নওগাঁর মান্দায় সিয়াম হোসেন (১৬) নামে এক কিশোরকে হত্যার পর তার চার্জারভ্যান ও মুঠোফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


নিহত সিয়াম উপজেলার চকউমেদ পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার সকালে চার্জারভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি সে। রাতে পরিবারের সদস্যরা তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পান। পরে শুক্রবার সকালে দোডাঙ্গী গ্রামের শাহাদত হোসেন শাহের বাঁশঝাড়ে সিয়ামের মরদেহ পড়ে থাকার খবর পান স্বজনেরা। সেখানে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন বাবা নজরুল ইসলাম।


নজরুল ইসলাম জানান, তিনি দেলুয়াবাড়ি বাজারের গরুর হাটে তরকারির ব্যবসা করে সংসার চালান। ছেলে লেখাপড়া না করায় সম্প্রতি উপার্জনের জন্য তাকে একটি চার্জারভ্যান কিনে দেন। বৃহস্পতিবার সকালে সেই ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় সিয়াম। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরদিন সকালে ছেলের মরদেহ উদ্ধারের খবর পান তাঁরা।


নজরুল ইসলামের অভিযোগ, দুর্বৃত্তরা তাঁর ছেলেকে হত্যা করে চার্জারভ্যান ও মুঠোফোন নিয়ে গেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শনাক্ত করে বিচারের দাবি জানিয়েছেন।


মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, সিয়ামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর চার্জারভ্যান ও মুঠোফোন নিয়ে গেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।