ঈশ্বরদী জংশন ফিরে পেল কৃষ্ণচূড়া গাছ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশ মুখের ‘কৃষ্ণচূড়া চত্বরে’ শত বছরের কৃষ্ণচূড়া গাছ সম্প্রতি ভেঙে উপড়ে পড়ে। এতে ঈশ্বরদী স্টেশন হয়ে বিভিন্ন রুটে ট্রেন ভ্রমণকারী যাত্রী ও হাজারো পথচারীরা সেখানে বিশ্রাম নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন।
গাছটি ভেঙে পড়ার পর দৈনিক সমকালসহ বিভিন্ন গণমাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। পরবর্তিতে সেখানে নতুন একটি কৃষ্ণচূড়ার গাছ রোপনের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমও সোচ্চার হয়ে ওঠে। কেউ যখন দায়িত্ব নিচ্ছিল না তখন সামাজিক দায়বদ্ধতা থেকে
ওই চত্বরের সৌন্দর্য, শোভাবর্ধন ও ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’ ও পাঠক সংগঠন ‘সমকাল সুহৃদ সমাবেশ।’ ঈশ্বরদী জংশন স্টেশনের প্রবেশ মুখে এই দুই সংগঠনের যৌথ উদ্যোগে সোমবার সকালে ‘কৃষ্ণচূড়া চত্বর’র নামফলকসহ একটি কৃষ্ণচূড়ার গাছ আনুষ্ঠানিকভাবে রোপন করা হয়। ঐতিহ্যবাহী সেই মৃত কৃষ্ণচূড়ার স্থানে নতুন করে গাছ রোপনের আয়োজন দেখে উৎসুক মানুষ ও ট্রেনযাত্রীরাও সমবেত হন সেখানে।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ পৃথিবী ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক সেলিম সরদার। এ সময় উপস্থিত ছিলেন সবুজ পৃথিবীর সহসভাপতি রফিকুল ইসলাম বাচ্চু, যুগ্মসম্পাদক ফিরোজ হাসান, হাসান চৌধুরী, সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, ক্রীড়া সম্পাদক মারুফ হাসান, সদস্য সানি হোসেন পলাশ, ঈশ্বরদী স্টেশনের সুস্থ্য ব্যায়াম কেন্দ্র শরীর চর্চার প্রশিক্ষক অ্যাডভোকেট ময়নুল ইসলাম, ক্রীড়া সংগঠক মতিউর রহমান সন্টু, আলীউজ্জামান রুহেল, আমানউল্লাহ্ বুরু, নাসির উদ্দিন, কোরবান আলী সন্টু প্রমুখ।