ইঞ্জিন ও কোচের স্বল্পতা রয়েছে, ভারত থেকে ২০০ কোচ আসবে : রেল সচিব

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
বাংলাদেশ রেলওয়েতে লোকোমোটিভ (ইঞ্জিন) ও কোচের স্বল্পতা রয়েছে। এই স্বল্পতা ঘোচাতে ভারত থেকে ২০০ কোচ ও প্রয়োজনীয় সংখ্যক ইঞ্জিন আনার ব্যবস্থা করা হয়েছে। চলতি মাসে ২০টি কোচ দেবে ভারত, বাকিগুলো পর্যায়ক্রমে আসবে। রেলকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছে, রেল শুধু যাত্রী পরিবহণের বাহন নয় বরং মালামাল পরিবহনের গুরুত্বপূর্ণ উপায় হিসেবে গড়ে তোলা হবে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম রোববার (১৪ সেপ্টেম্বর) পাবনার ঈশ্বরদীতে ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো, লোকোমোটিভ ডিপো, পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দপ্তর ঈশ^রদী ও পাকশী বিভাগীয় রেলওয়ের বিভিন্ন স্থান পরিদর্শন এবং বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার রেলের উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসাবে পরিকল্পনা অনুযায়ী নতুন নতুন রেলপথ বসানো হচ্ছে। ঈশ্বরদী রেলওয়ে লোকোমোটিভ আরও আধুনিকায়ন হবে। লোকোমোটিভে লোকবল সংকট পুরণে নতুন লোকবল নিয়োগ করা হবে।
গতকাল রোববার বিকেলে পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) ফরিদ আহমেদ, প্রধান প্রকৌশলী আহাম্মেদ হোসেন মাসুম, পাকশী বিভাগী রেলওয়ে ব্যবস্থাপক ব্যবস্থাপক (ডিআর এম) লিয়াকত শরিফ খান, বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা বেগম, রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সারসহ রেলের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় রেলওয়ে শ্রমিক দলের পক্ষ থেকে রেল সচিবকে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়।