সোমবার, আগস্ট ২৪, ২০২৬

ঈশ্বরদীতে বিএনপি নেতা ও তার ছেলের, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

WP Import ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৬ অপরাহ্ন
WP Import ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৬ অপরাহ্ন
ঈশ্বরদীতে বিএনপি নেতা ও তার ছেলের, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
ঈশ্বরদীতে বিএনপি নেতা ও তার ছেলের, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া এলাকায় গত মঙ্গলবার বিএনপি নেতা হাসিবুর রহমান হাক্কে মন্ডলের বাড়িতে গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনাকে মিথ্যা ও সাজানো বলে দাবি করেছেন স্থানীয় এলাকাবাসী। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাঁড়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এলাকাবাসীর পক্ষ থেকে ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ্ আল-মামুন জনি লিখিত বক্তব্যে এই দাবি করে সাঁড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসিবুর রহমান হাক্কে মন্ডল ও তাঁর ছেলে কনক মন্ডলকে গ্রেফতার ও বিচার দাবি করেন।

লিখিত বক্তব্যে আব্দুল্লাহ্ আল-মামুন জনি অভিযোগ করে বলেন, হাক্কে মন্ডল নিজেকে বিএনপির সভাপতি হিসেবে পরিচয় দেন কিন্তু সাঁড়া ইউনিয়ন বিএনপির কমিটি অনেক আগেই বিলুপ্ত করা হয়েছে, ফলে তিনি এখন সাঁড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নন। মঙ্গলবারের ঘটনাকে মিথ্যা ও সাজানো দাবি করে সংবাদ সম্মেলনে এলাকাবাসী, স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা বলেন, হাক্কে মন্ডল ও তার ছেলে কনক মন্ডল স্থানীয়ভাবে একটি বাহিনী গঠন করে এলাকার নিরীহ লোকজনের ওপর অত্যাচার, জমি ও পুকুর দখল করে এলাকায় রামরাজত্ব কায়েম করে মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে এলাকায় ভয়াবহ পরিবেশ সৃষ্টি করেছে। এসময় কনক মন্ডলের বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যকলাপ অস্ত্রের প্রদর্শন, বেশ কয়েকজন দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ছবি, তার বিরুদ্ধে হত্যা মামলার ঘটনাসহ বিভিন্ন চিত্র প্রদর্শন করা হয়। এলাকাবাসী তাকে দ্রুত আইনের আওতায় নেওয়ার জন্য দাবি জানান।

জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সিদ্দিকুর রহমান, মৎস্যজীবি ইদ্রিস আলীসহ বেশ কয়েকজন ভুক্তভোগী তাদের জমি ও পুকুরের মাছ লুট করার অভিযোগ করেন বিএনপি নেতা হাক্কে মন্ডলের ছেলে কনক মন্ডলের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী, যুবদল নেতা ইফতেখার পান্না, নাবিক মন্ডল, সোহান পারভেজ দীপু, শহীদুল ইসলাম, আবির হাসান মামুন, সোলেমান মন্ডল ফেলাসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে এসব অভিযোগ প্রসঙ্গে সাঁড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসিবুর রহমান হাক্কে মন্ডল বলেন, আমার বাড়িতে গুলিবর্ষণ ও ভাংচুরের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে তারা সংবাদ সম্মেলনে মিথ্যা ও সাজানো বক্তব্য দিয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম আব্দুন নুর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন সম্পর্কে বলেন, সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া এলাকায় বিএনপির দুটি পক্ষের মধ্যে রাজনৈতিক গ্রুপিং থেকে বিবাদের সৃষ্টি হয়েছে। উভয় পক্ষই ঈশ্বরদী থানায় আলাদা আলাদা লিখিত অভিযোগ জমা দিয়েছে। অভিযোগ দুটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।