ঈশ্বরদীতে মাদক ব্যবসার বিরোধিতা করায় বিএনপি নেতার বাড়িতে গুলি, ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে মাদক ব্যবসার বিরোধিতা করায় বিএনপি নেতা হাসিবুর রহমান হাক্কে মন্ডলের বাড়িতে গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। হাক্কে মন্ডল উপজেলার সাঁড়া ইউনিয়ন বিএনপির সভাপতি। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিমানবন্দর রোডের সাঁড়া এলাকায় গুলিবর্ষন ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে স্থানীয় বিএনপি কার্যালয়ে সাঁড়া ইউনিয়নের ‘সর্বস্তরের সচেতন এলাকাবাসী’র ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সাঁড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসিবুর রহমান হাক্কে মন্ডল সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করে বলেন, এলাকায় মাদক ব্যবসার বিরোধিতা করার কারনে একদল দুর্বৃত্ত ও মাদক ব্যবসায়ীরা আমার বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ এবং বসত বাড়িতে ভাংচুর করে। সোহান পারভেজ দিপু, আবির হাসান মামুন, মো: আমান প্রমুখের নাম উল্লেখ করে ঈশ্বরদী থানায় আমি এ বিষয়ে লিখিত এজাহার ও অভিযোগ জমা দিয়েছি। গুলিবর্ষন ও ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাক্কে মন্ডল। এসময় সাঁড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি রেজাউর রহমান আজাদ, ফয়সাল আলমসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নুর এ বিষয়ে বলেন, গুলিবর্ষনের ঘটনা শুনে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। থানায় জমা দেওয়া লিখিত অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।