ঈশ্বরদীতে লক্ষাধিক টাকার নকল বিড়ি উদ্ধার
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে পাবনা র্যাব-১২ অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের নকল বিড়ি উদ্ধার করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে ঈশ্বরদী থানার সামনের এসএ পরিবহন নামক কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে আকিজ বিড়ি, কারিকর বিড়ি ও ফরিদ কোম্পানির নামে বিপুল পরিমাণ নকল বিড়ি উদ্ধার করে র্যাব। জব্দকৃত বিড়ির বাজারমূল্য প্রায় এক লাখ ২০ হাজার টাকা বলে জানায় র্যাব। অভিযানে একটি প্রাইভেটকার একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন কুষ্টিয়ার মিরপুরের মিজু ও ভেড়ামারার শিমুল হাসান। তাদের সহযোগী জনি হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুর এলাকায় কিছু ব্যক্তি বিভিন্ন নামে নকল বিড়ি তৈরি করে আসছিল। তারা এসব বিড়ি ঈশ্বরদীতে এনে এসএ পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পাঠাতো। গোপন সূত্রে এমন খবর পেয়ে র্যাব অভিযান চালায়। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নুর জানান, ‘র্যাব অভিযান চালিয়ে নকল বিড়ির চালান জব্দ করেছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা প্রাথমিক তদন্তে বিষয়টি খতিয়ে দেখছি এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছি।