বড়দিনে ‘কিং’য়ের কামাল, কত কোটিতে প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব কিনল শাহরুখ ঘনিষ্ঠ সংস্থা?
প্রায় ৪০০ কোটি টাকা বাজেটের অ্যাকশনধর্মী ছবি ‘কিং’ ঘিরে সিনেপ্রেমীদের উৎসাহর অন্ত নেই। কত টাকায় সর্বভারতীয় প্রেক্ষাগৃহে প্রদর্শনের সত্ত্ব কিনল ‘পেন মারুধর’?
চলতি বছরে ব্যবসায় জোয়ার আনতে হলমালিকদের পাখির চোখ বহুপ্রতিক্ষীত ছবি ‘কিং’। শাহরুখ খান অভিনীত এই ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করবে বলেই আশাবাদী হলমালিকরা। ২০২৬এর বড়দিনের আবহে বিরাট ধামাকা করবেন ‘কিং’ খান! প্রায় ৪০০ কোটি টাকা বাজেটের অ্যাকশনধর্মী এই ছবি ঘিরে সিনেপ্রেমীদের উৎসাহর অন্ত নেই। বলিউডের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিনোদন সংস্থা ‘পেন মারুধর’ ইতিমধ্যেই মোটা টাকায় ‘কিং’এর সর্বভারতীয় প্রেক্ষাগৃহে প্রদর্শনের সত্ত্ব কিনে ফেলেছে।
জানা যাচ্ছে, ২৫০ কোটি টাকায় ‘কিং’-এর থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশন কিনেছে ‘পেন মারুধর’। শাহরুখ খানের প্রযোজনা সংস্থার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। এর আগেও ‘জওয়ান’, ‘ডাঙ্কি’, ‘জিরো’, ‘বদলা’, ‘ইত্তেফাক’ সহ বহু ছবি মুক্তির নেপথ্যে রয়েছে এই সংস্থা। ‘কিং’এ প্রথমবার সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে শাহরুখ খানকে। বাবা-মেয়ের অনস্ক্রিন যুগলবন্দি ‘কিং’এর প্রতি দর্শকের উত্তেজনাকে আরও একটু উসকে দিয়েছে তা বললে অত্যুক্তি হবে না।
সাম্প্রতিক সময়ে বহু প্রতীক্ষিত ভারতীয় সিনেমা ‘কিং’এ অভিনয় করেছেন বলিউডের একঝাঁক তারকা। সেই তালিকায় রয়েছেন দীপিকা পাডুকোন থেকে রানি মুখোপাধ্যায়, অভয় ভার্মা, আরশাদ ওয়ারসি সহ আরও অনেকে। আগামী ২৪ ডিসেম্বর বড় পর্দায় মুক্তির অপেক্ষায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত তারকাখচিত ছবি ‘কিং’। একটি ছোট ভিডিয়ো ক্লিপের মাধ্যমে সোশাল মিডিয়ায় ছবি মুক্তির তারিখ নিজেই জানিয়েছিলন বলিউড বাদশা শাহরুখ খান।
ক্রিসমাস আবহে মুক্তি পায় বলিউড থেকে টলিউড, হলিউডের একগুচ্ছ ছবি। চলতি বছরেও তার ব্যতিক্রম হচ্ছে না। ‘কিং’এর সমসাময়িক ছবি মুক্তির তালিকায় রয়েছে হলিউডের বিগ বাজেটের ছবি ‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’, ‘ডিউন ৩’, ‘জুমানজি’। উৎসবের আমেজে বক্স অফিসে প্রতিযোগীতার দাপটও বৃদ্ধি পায়। তাই শাহরুখ খান ‘কিং’এর মুক্তির জন্য শক্তিশালী ডিস্ট্রিবিউশন পার্টনার খুঁজছিলেন।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন