মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

দাপটে সিরিজ জয় বাংলাদেশের

সোনার দেশ ডেস্ক ২৩ এপ্রিল ২০২৬ ১১:১৯ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ২৩ এপ্রিল ২০২৬ ১১:১৯ অপরাহ্ন
দাপটে সিরিজ জয় বাংলাদেশের
৫৫ রানের জয়ে নিশ্চিত হয়েছে সিরিজও সংগৃহীত

ডিন ফক্সক্রফট শুধু ছক্কা গুনছিলেন। ইনিংসের শেষদিকে সাত ছক্কা ছিল তার ব্যাটে। মোস্তাফিজের স্লোয়ারেও কোনো কাজ হচ্ছিল না। একটা সময় মেহেদী হাসান মিরাজের মুখে ম্যাচ হেরে যাওয়ার ভয় স্পষ্ট দেখা যায় যেন। তাই নিজেই বল হাতে নিলেন ও ফক্সক্রফটকে সামনের পায়ে খেলিয়ে বাধ্য করেন ভুল করতে। ৭২ বলে ৭৫ করা এই ব্যাটার শেষ ব্যাটার হিসেবে আউট হতেই ৫৫ রানের দাপুটে জয় নিশ্চিত হলো বাংলাদেশের।


নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠছিলেন নাজমুল হোসেন শান্ত। একাদশে ফেরা মোস্তাফিজুর রহমান নিলেন ইনিংসে পাঁচ উইকেট। দুজনের যুগলবন্দিত চট্টগ্রামে কিউইদের পাত্তাই দেয়নি বাংলাদেশ। সেইসঙ্গে ২-১ ব্যবধানে নিশ্চিত হলো সিরিজও।


মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে টানা তিনটি ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। হাবিবুল বাশার, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালের পর বাংলাদেশের পঞ্চম অধিনায়ক হিসেবে টানা তিনটি সিরিজ জিতলেন তিনি।


বাংলাদেশের দেওয়া ২৬৬ রানের লক্ষ্যে নেমে নিউজিল্যান্ড অলআউট হয়েছে ২১০ রানে। ২-১ ব্যবধানে সিরিজ জেতায় র‌্যাঙ্কিংয়ে নয় থেকে সাতে ওঠা নিশ্চিত করল বাংলাদেশ। ২০২৭ বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলতে হলে থাকা চাই র‌্যাঙ্কিংয়ের সেরা আটে।


এই সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ছিল। সফরকারীরা তাদের দ্বিতীয় সারির দল নিয়ে আসায় ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা ছিল তেমনই। হোয়াইটওয়াশ করে সিরিজ জিতলে বাংলাদেশের অবস্থান হতো র‌্যাঙ্কিংয়ের ছয়ে। প্রথম ম্যাচেই হেরে যাওয়ায় মিরাজদের লক্ষ্যে জোর ধাক্কা লাগে। সিরিজের পরের দুই ম্যাচে জিতে সেই ধাক্কা সামলেছে।


সবশেষ গত বছর উইন্ডিজের বিপক্ষে এই সাফল্য দেখায় বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে হারলেও টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে। কিউইদের বিপক্ষে সিরিজ জয়ের এই সাফল্য বাংলাদেশের জন্য দীর্ঘ অপেক্ষার ফসল। এর আগে ২০১৩ সালে কিউইদের ওয়ানডে সিরিজে হারায় বাংলাদেশ। পরের পাঁচ সিরিজে ছিল শূন্যতা।


একমাত্র সাফল্য ২০২৩ সালে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে জয়। সেবার ওই ম্যাচ জিতেও ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। নিজেদের মাঠে এবার বাংলাদেশ একই ব্যবধান সিরিজ হার ফিরিয়ে দারুণ প্রতিশোধ নিল।- আগামীর সময়