শুক্রবার, মে ০১, ২০২৬

‘আমেরিকাতেই বিশ্বকাপ খেলবে ইরান’, বিরাট ঘোষণা ফিফা সভাপতির

সোনার দেশ ডেস্ক ০১ মে ২০২৬ ০১:০২ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ০১ মে ২০২৬ ০১:০২ অপরাহ্ন
‘আমেরিকাতেই বিশ্বকাপ খেলবে ইরান’, বিরাট ঘোষণা ফিফা সভাপতির
ফাইল ছবি।

আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির আবহে ইরানের ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো আবারও স্পষ্ট জানিয়ে দিলেন আমেরিকায় অনুষ্ঠিত আসন্ন বিশ্বকাপে ইরান অংশ নেবে এবং তাদের ম্যাচ হবে আমেরিকায়।


বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে ভাষণ দিতে গিয়ে তিনি এই ঘোষণা করেন। ইনফান্তিনো বলেন, “শুরুতেই পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, অবশ্যই ইরান বিশ্বকাপে অংশ নেবে। তারা আমেরিকায় খেলবে।” উল্লেখ্য, আগামী বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে কানাডা, আমেরিকা ও মেক্সিকো। ৪৮ দলের এই প্রতিযোগিতায় দল, কোচিং স্টাফ ও আধিকারিকদের একাধিক দেশে যাতায়াত করতে হবে। ফলে ভিসা জটিলতা বা কূটনৈতিক টানাপোড়েন কিছু দেশের ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে বলেই মনে করা হচ্ছে।


ইরান ইতিমধ্যেই এশিয়ান বাছাইপর্বে গ্রুপ শীর্ষে থেকে টানা চতুর্থবার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। তারা রয়েছে গ্রুপ ‘জি’-তে, যেখানে প্রতিপক্ষ বেলজিয়াম, মিশ্র এবং নিউজিল্যান্ড। সূচি অনুযায়ী, ইরানের তিনটি গ্রুপ ম্যাচের মধ্যে দু’টি হবে লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে। তবে ইরানের অংশগ্রহণ ঘিরে বিতর্কও রয়েছে। তেহরান যুক্তরাষ্ট্রে নির্ধারিত ম্যাচ অন্যত্র সরানোর অনুরোধ জানালেও তা নাকচ করে দিয়েছে ফিফা। তারা জানিয়েছে, নির্ধারিত সূচিই বহাল থাকবে।


এদিকে আমেরিকান রাজনীতিবিদ মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের ফুটবলারদের অংশগ্রহণে ওয়াশিংটনের আপত্তি নেই। তবে তিনি বলেন, “ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি)-র সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কাউকে খেলোয়াড়দের সঙ্গে আসতে দেওয়া হবে না।” সব মিলিয়ে, বিশ্বকাপের মাঠে ইরানের উপস্থিতি নিশ্চিত হলেও, মাঠের বাইরের কূটনৈতিক টানাপোড়েন এখন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।


তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন