রবিবার, মে ০৩, ২০২৬

র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে সাতে বাংলাদেশ

সোনার দেশ ডেস্ক ০১ মে ২০২৬ ০৯:০৭ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ০১ মে ২০২৬ ০৯:০৭ অপরাহ্ন
র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে সাতে বাংলাদেশ

আইসিসির বাৎসরিক র‌্যাঙ্কিংয়ের হালনাগাদে সুখবর পেল বাংলাদেশ। উইমেন’স ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সাত নম্বরে উঠেছে নিগার সুলতানার দল।


পুরুষদের টেস্ট ও নারীদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ শুক্রবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।


এই হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে দলগুলোর পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ, আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় এসেছে শতকরা ৫০ ভাগ করে।


টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই ৯ নম্বরে আছে তারা।


উইমেন’স ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে অবস্থানের উন্নতি হলেও বাংলাদেশের রেটিং পয়েন্ট অবশ্য কমেছে। আগে রেটিং ছিল ৭৪, এখন ৭৩।


মূলত ৩ রেটিং পয়েন্ট হারিয়ে পাকিস্তান আট নম্বরে নেমে যাওয়ায় এক ধাপ ওপরে উঠেছে বাংলাদেশ। পাকিস্তানের রেটিং এখন ৭২।


র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়টি স্থানে কোনো পরিবর্তন আসেনি। অস্ট্রেলিয়া এক নম্বরে, দুইয়ে ইংল্যান্ড, তিনে ভারত, চারে দক্ষিণ আফ্রিকা, পাঁচে নিউ জিল্যান্ড, ছয়ে আছে শ্রীলঙ্কা। ৯ ও ১০ নম্বরে আগের মতো আছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।


এক ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছে স্কটল্যান্ড। দুই ধাপ এগিয়ে জিম্বাবুয়ে ১২ নম্বরে, তিন ধাপ এগিয়ে পাপুয়া নিউ গিনি ১৩ নম্বরে, এক ধাপ এগিয়ে সংযুক্ত আরব আমিরাত ১৪ নম্বরে আছে।


গত তিন বছরে প্রয়োজনীয় আটটি ওয়ানডে না খেলায় থাইল্যান্ড ও নেদারল্যান্ডস আপাতত তালিকা থেকে বাদ পড়েছে। নিজেদের র‌্যাঙ্কিং ফিরে পেতে থাইল্যান্ডকে আরও একটি ও নেদারল্যান্ডসকে আরও দুটি ওয়ানডে খেলতে হবে।


টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দুটি স্থান ধরে রেখেছে যথাক্রমে অস্ট্রেলিয়া (রেটিং ১৩১) ও দক্ষিণ আফ্রিকা (১১৯)। দুই দলেরই রেটিং পয়েন্ট বেড়েছে ৩ করে।


এক ধাপ এগিয়ে তিনে উঠেছে ভারত। তাদের রেটিং আগের মতোই আছে ১০৪। ৭ রেটিং পয়েন্ট হারিয়ে এক ধাপ পিছিয়ে চারে আছে ইংল্যান্ড (১০২)।


আগের মতো আছে পাঁচে নিউ জিল্যান্ড (১০১)। ৩ রেটিং পয়েন্ট বেড়েছে কিউইদের। এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠছে পাকিস্তান (৮৯)। ৭ রেটিং পয়েন্ট বেড়েছে তাদের।


২ রেটিং পয়েন্ট হারিয়ে সাতে নেমে গেছে শ্রীলঙ্কা (৮৬)। ১ রেটিং পয়েন্ট হারিয়ে আগের মতো আট নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ (৬৮)।


৪ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের, আগের ৬৩ থেকে এখন হয়েছে ৬৭। ১০ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে জিম্বাবুয়ে।


রেটিংয়ের সময়কালে প্রয়োজনীয় আটটি ম্যাচ না খেলায় র‌্যাঙ্কিং থেকে বাদ পড়েছে আয়ারল্যান্ড। আবার তালিকায় অন্তর্ভুক্ত হতে হলে আয়ারল্যান্ড ও আফগানিস্তান, দুই দলকেই আগামী এক বছরের মধ্যে আরও দুটি করে টেস্ট খেলতে হবে।


পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ আগামী মঙ্গলবার প্রকাশ করবে আইসিসি। আর পুরুষদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার।


তথ্যসূত্র: বিডিনিউজ