বৃহস্পতিবার, মে ০৭, ২০২৬

পেস লড়াইয়ে পাকিস্তানের চেয়ে নিজেদের এগিয়ে রাখছেন শান্ত

সোনার দেশ ডেস্ক ০৭ মে ২০২৬ ০২:১৮ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ০৭ মে ২০২৬ ০২:১৮ অপরাহ্ন
পেস লড়াইয়ে পাকিস্তানের চেয়ে নিজেদের এগিয়ে রাখছেন শান্ত

মিরপুরে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। মাঠের লড়াই শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যেখানে পাকিস্তানের শক্তিশালী পেস আক্রমণের বিপক্ষে নিজেদের পেসারদেরই সামান্য এগিয়ে রাখলেন তিনি। শান্তর মতে, বাংলাদেশের পেসাররা এখন যেকোনো বিশ্বসেরা আক্রমণকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।

শান্ত বলেন, ‘পাকিস্তানের পেস বোলিং ঐতিহ্যগতভাবেই খুব শক্তিশালী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে গত কয়েক বছর ধরে আমাদের পেসাররা যেভাবে বোলিং করছে তাতে আমি বলব আমাদের পেস অ্যাটাক হয়তো সামান্য এগিয়ে থাকবে।’

লাল বলের ক্রিকেটে তাসকিন আহমেদের প্রত্যাবর্তন নিয়ে শান্ত জানান, ‘তাসকিন সবসময়ই লাল বলের ক্রিকেট খেলতে চায় তবে ফিটনেস এবং ইনজুরি ব্যবস্থাপনার কারণে তাকে সবসময় অন্তর্ভুক্ত করা সম্ভব হয় না। এই সিরিজের আগে ট্রেনার ও ফিজিওর সাথে দীর্ঘ আলোচনার পর তার ফিটনেস নিয়ে ইতিবাচক ফিডব্যাক পাওয়া গেছে। তাসকিন দলে থাকলে ক্যাপ্টেনের কাজ সহজ হয়ে যায় এবং দল বাড়তি আত্মবিশ্বাস পায়।’ 

সেই সঙ্গে নাহিদ রানার মতো এক্সপ্রেস পেসারকে দলের জন্য ‘বাড়তি পাওনা’ হিসেবে দেখছেন অধিনায়ক। তিনি বলেন, ‘আমি রানাকে অনেক ছোটবেলা থেকেই চিনি এবং জানি সে কীভাবে নিজেকে প্রস্তুত করে। একজন অধিনায়কের জন্য দলে এমন একজন গতিশীল বোলার থাকা সবসময়ই বাড়তি পাওনা। সে বর্তমানে খুব ভালো ফর্মে আছে এবং আশা করি সিরিজে নিজের সেরাটা দেবে।’

এই বোলারদের নিয়েই ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। যদিও সেই সাফল্য এখন অতীত বলে মনে করেন টাইগার অধিনায়ক। রেকর্ড গড়া বা প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার মতো বড় বড় শব্দে বিশ্বাসী নন তিনি। শান্ত বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে হোয়াইটওয়াশ বা এই ধরনের বড় শব্দ নিয়ে চিন্তা করি না। আমার লক্ষ্য হলো পাঁচ দিনের প্রতিটি সেশনে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা এবং সঠিক প্রক্রিয়া অনুসরণ করা। প্রসেস ঠিক থাকলে ফলাফল ইতিবাচক হবে।’

শান্তর আশা, টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে দলের লক্ষ্য পয়েন্ট টেবিলের চার বা পাঁচ নম্বরে শেষ করা। আর সেই লক্ষ্য পূরণে পাকিস্তানের বিপক্ষে হোম কন্ডিশনে ভালো করার কোনো বিকল্প নেই শান্তর দলের সামনে।