রবিবার, জুন ২১, ২০২৬

বিশ্বকাপে ৪৮ দলের ‘নাম্বার টেন’ কারা

সোনার দেশ ডেস্ক ০৫ জুন ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ০৫ জুন ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন
বিশ্বকাপে ৪৮ দলের ‘নাম্বার টেন’ কারা

অনেকেই পরিচিত মুখ, আবার কেউ কেউ এখনো নিজেদের জানান দেওয়ার অপেক্ষায়। ২০২৬ বিশ্বকাপে খেলবে ৪৮টি জাতীয় দল, যার প্রতিটিতেই একজন করে খেলোয়াড় ১০ নম্বর জার্সি পরবেন। ঐতিহ্যগতভাবেই এই জার্সিটি দলের আক্রমণাত্মক দক্ষতা, প্রতিভা, সৃজনশীলতা এবং নেতৃত্বের প্রতীকের সঙ্গে জড়িত।


প্রতিষ্ঠিত তারকা, তরুণ প্রতিভা, স্থানীয় আইকন এবং টুর্নামেন্টের বেশ কিছু বড় বড় নামের খেলোয়াড়রা এই জার্সি গায়ে দেবেন। দেখে নেওয়া যাক আসন্ন বিশ্বকাপে কোন দলের কে ১০ নম্বর জার্সিতে মাঠে নামবেন।


কিলিয়ান এমবাপে- ফ্রান্স

বিশ্বকাপে নজরে রাখা খেলোয়াড়দের যে কোনো তালিকাতে শীর্ষে থাকবেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপ ট্রফি হাতে নিতে কেমন লাগে ইতোমধ্যে জেনে গেছেন ফ্রান্সের স্ট্রাইকার, দুটি বিশ্বকাপ ফাইনালে খেলার স্বাদও পেয়েছেন। বিশ্বকাপ ইতিহাসে সর্বকালের শীর্ষ গোলদাতার রেকর্ড গড়ার অপেক্ষায় তিনি। মাত্র ২৭ বছর বয়সেই ১৩ গোল করে তিনি মিরোস্লাভ ক্লোসার (১৬) বেশ কাছে।


লিওনেল মেসি- আর্জেন্টিনা

অধিনায়ককে নিয়ে আর কী বলা যেতে পারে! ২০২২ সালে বহুদিনের আক্ষেপ ঘুচানো ট্রফি ধরে রাখার মিশনে নামবেন তিনি। ঐতিহাসিক ক্যারিয়ার ও অবিশ্বাস্য সব অর্জনের পর নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে আরও রেকর্ড ভাঙার অপেক্ষায় লিওনেল মেসি।


জামাল মুসিয়ালা- জার্মানি

জার্মানদের নতুন প্রজন্মের আস্থা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জামাল মুসিয়ালা। সৃজনশীলতা, প্রতিপক্ষের রক্ষণভাগকে এলোমেলো করে দেওয়ার দক্ষতা এবং প্রতিপক্ষের রক্ষণব্যূহ ভেঙে ভেতরে ঢুকে যাওয়ার ক্ষমতার জন্য বিশেষভাবে পরিচিত তিনি। মাত্র ২৩ বছর বয়সেই তিনি জার্মানির আবার শিরোপার লড়াইয়ে ফেরার স্বপ্নের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবেন, বিশেষ করে রাশিয়া ও কাতার বিশ্বকাপের ব্যর্থতার পর।


দানি ওলমো- স্পেন

স্পেনের হয়ে পার্থক্য গড়ে দিতে পারেন, এমন খেলোয়াড়দের মধ্যে অন্যতম এই বার্সেলোনা খেলোয়াড়। সঠিক পজিশনে খেলার বুদ্ধিমত্তা ও টেকনিক্যাল দক্ষতার সমন্বয়ে তিনি একজন গুরুত্বপূর্ণ আক্রমণাত্মক খেলোয়াড়। বিশ্বকাপের নকআউট পর্বে যেতে তার প্রতিভার ওপর নির্ভরশীল থাকবে স্পেন।


বার্নার্দো সিলভা- পর্তুগাল

ইউরোপিয়ান ফুটবলে খ্যাতি কুড়ানোর কয়েক বছর পর পর্তুগালের অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেলবেন বার্নার্দো সিলভা। ক্রিশ্চিয়ানোর পাশাপাশি দলের নেতৃত্ব গ্রহণের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা নিয়ে আসছেন তিনি। পর্তুগালের আকাঙ্ক্ষা মেটাতে তার দূরদৃষ্টি এবং বলের ওপর নিখুঁত নিয়ন্ত্রণ অপরিহার্য হবে।


মার্কাস র‌্যাশফোর্ড- ইংল্যান্ড

বড় মঞ্চে ইংলিশ জাতীয় দলে নিজের অবস্থান পাকা করতে চাইবেন আরেক বার্সেলোনা তারকা। ইতোমধ্যে কাতারে মুগ্ধতা ছড়িয়েছেন। গোলমুখের সামনে তার নিখুঁত ফিনিশিং ছিল আলোচিত। তার গতি ও ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা তাকে ইংল্যান্ডের অন্যতম প্রধান খেলোয়াড় বানিয়েছে।


নেইমার- ব্রাজিল

এখনও চোটে আছেন, তার খেলাও অনিশ্চয়তার মধ্যে। তবুও নেইমার ব্রাজিলের সবচেয়ে ভয়ঙ্কর খেলোয়াড় হয়েই আছেন। আনচেলত্তির অধীনে নিজের শেষ বিশ্বকাপে হলুদ জার্সি পরার অপেক্ষায় তিনি। চমৎকার ক্যারিয়ারে একমাত্র অধরা ট্রফিও ছুঁয়ে দেখার বাসনা তার।- ঢাকা পোস্ট