শেষ মুহূর্তের গোলে সুইসদের রুখে দিল কাতার
ম্যাচের তখন শেষ বাঁশি বাজা বাকি। অতিরিক্ত পাওয়া ছয় মিনিটও শেষের পথে। তবে আশা হারায়নি কাতার। যোগ করা চতুর্থ মিনিটে ডিফেন্ডার হোমান আহমেদের দুর্দান্ত এক ক্রস থেকে বুয়ালেম খুকির লাফিয়ে ওঠা হেড। তাতেই সমতায় ফেরে কাতার।
এরপরই বুনো উদযাপন। হারতে বসা ম্যাচে ড্র। এমন উদযাপন তো হবেই কাতারিযানদের। শেষ পর্যন্ত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে কাতার। বিশ্বকাপ ইতিহাসে মরুর দেশটির এটি দ্বিতীয় ড্র। তবে এখনো জয় অধরা রয়ে গেছে তাদের।
পুরো ম্যাচে ছড়ি ঘুরিয়েছে সুইজারল্যান্ড। ম্যাচের ১৭ মিনিটে এগিয়েও যায় সুইসরা। পেনাল্টি থেকে ব্যবধানটা ১-০ করেন ব্রিল এমব্রোলো। এবারের বিশ্বকাপ এটিই প্রথম পেনাল্টি গোল। আর টাইব্রেকার বাদ দিয়ে বিশ্বকাপ ইতিহাসে সুইজারল্যান্ডেরও প্রথম পেনাল্টি গোল এটি।
২০২২ বিশ্বকাপ আয়োজন করেছিল কাতার। সেবার স্বাগতিক হিসেবে প্রথমবার বিশ্বমঞ্চে আসে কাতারিয়ানরা। তবে ৩ হারে বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকে। কাতার এবার বিশ্বকাপে এসেছে বাছাইপর্ব পেরিয়ে। গত ২০২৩ এশিয়ান কাপেরও চ্যাম্পিয়ন তারা।
এই ম্যাচের দুই গোলদাতারই জন্মভূমি ভিন্ন। ক্যামেরুনে জন্ম নেওয়া এমবোলো শৈশবে তার মা ও ভাইবোনদের সঙ্গে ফ্রান্সে চলে আসেন। পরে স্থায়ীভাবে সুইজারল্যান্ডে বসবাস শুরু করেন।
সুইস বয়সভিত্তিক দলগুলোতে খেলে এমবোলো ২০১৪ সালের মার্চে দেশটির ক্লাব বাসেলের হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেন। পরে যোগ দেন জার্মান ক্লাব শালকেতে। বর্তমানে তিনি খেলছেন ফরাসি ক্লাব রেনেতে।
আর খুকির জন্ম আলজেরিয়ায়। সেখানেই বেড়ে ওঠা। ২০১০ সালের ৯ নভেম্বর তিনি প্রথমবারের মতো আলজেরিয়ার অনূর্ধ্ব-২৩ জাতীয় দলে ডাক পান।
কাতারে আসার পরপরই খুকিকে নাগরিকত্ব দিয়ে দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং জানান, কোনো অর্থের বিনিময়েও তিনি অন্য দেশের হয়ে খেলবেন না।
খুকির ইচ্ছে ছিল আলজেরিয়া জাতীয় দলের হয়ে খেলা। তবে পরবর্তীতে ক্লাবের বিদেশি খেলোয়াড় কোটা ব্যবস্থায় সুবিধা করতে কাতারি নাগরিকত্ব গ্রহণ করেন এই ডিফেন্ডার।