রবিবার, জুন ২১, ২০২৬

৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেলো স্কটল্যান্ড

সোনার দেশ ডেস্ক ১৪ জুন ২০২৬ ১০:২২ পূর্বাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ১৪ জুন ২০২৬ ১০:২২ পূর্বাহ্ন
৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেলো স্কটল্যান্ড

গ্রুপ ‘সি’-তে হাইতিকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করেছে স্কটল্যান্ড। স্কটিশদের হয়ে জয়সূচক গোলটি করেন জন ম্যাকগিন। এ নিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপে প্রথম জয় পেল তারা।


১৯৯০ বিশ্বকাপে সবশেষ জয় পেয়েছিল স্কটল্যান্ড। সেই আসরে সুইডেনকে ২-১ গোলে হারিয়েছিল তারা। এর ৩৬ বছর পর বিশ্বমঞ্চে জয়ের স্বাদ পেল স্কটিশরা।


রবিবার ভোরে (১৪ জুন) বোস্টনে ম্যাচের শুরুটা দারুণ করে স্কটল্যান্ড। তবে গোল পেতে লেগে যায় ২৮ মিনিট। এসময় দলকে লিড এনে দেন ম্যাকগিন। এতে ইতিহাসের পাতায় নাম লেখান তিনি। ২৮ বছর পর স্কটিশদের হয়ে বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড় হলেন ম্যাকগিন।


১৯৯৮ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল স্কটল্যান্ড। ওই আসরে কোনো ম্যাচ জিততে পারেনি তারা। তার ২৮ বছর পর ফিফা বিশ্বকাপে ফিরেই জয়ের আনন্দে মাতলো স্কটল্যান্ড।


১-০তে লিড নিয়ে বিরতিতে যায় স্কটল্যান্ড। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া চেষ্টা চালায় হাইতি। কিন্তু স্কটল্যান্ডের ডিফেন্স ভাঙতে পারেননি ইসিদোর-পিয়েরোরা। ফলে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়ে উত্তর আমেরিকার দলটি।


এই জয়ে গ্রুপ ‘সি’-তে টেবিলের শীর্ষে উঠে গেল স্কটল্যান্ড। গ্রুপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ফলে টেবিলের দ্বিতীয় মরক্কো এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। পয়েন্ট না পাওয়া হাইতি আছে চারে। 


স্কটল্যান্ড পরের ম্যাচ খেলবে মরক্কোর বিপক্ষে। আর হাইতি লড়বে ব্রাজিলের বিপক্ষে।