মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

আইসিসি মাসসেরা ক্রিকেটার মুশফিকুর রহিম

সোনার দেশ ডেস্ক ২২ জুন ২০২৬ ১১:১৭ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ২২ জুন ২০২৬ ১১:১৭ অপরাহ্ন
আইসিসি মাসসেরা ক্রিকেটার মুশফিকুর রহিম

মে মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনের স্বীকৃতি হিসেবে আইসিসি মাসসেরা ক্রিকেটার পুরস্কার জিতেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। এর আগে ২০২১ সালের মে মাসে একবার এই পুরস্কার পেয়েছিলেন তিনি। এবার সতীর্থ তাইজুল ইসলাম ও নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরিকে পেছনে ফেলে পুরস্কারটি নিজের করে নিলেন ৩৯ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার।


পাকিস্তান সিরিজে সিরিজসেরা হওয়া মুশফিক দুই টেস্টে মোট ২৩৫ রান সংগ্রহ করেন ৬৩.২৫ গড়ে। ঢাকায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭১ এবং সিলেটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানের ইনিংস দুটি ছিল দলের জয়ে নির্ণায়ক। ২০০৫ সালে টেস্ট অভিষেক হওয়া মুশফিক এই বয়সেও রানের জন্য যে অদম্য তৃষ্ণা দেখাচ্ছেন, তা প্রশংসনীয়।


পুরস্কার প্রসঙ্গে মুশফিক বলেন, ‘আবারও আইসিসি মাসসেরা খেলোয়াড় হওয়াটা বড় সম্মানের। বিশেষত এই স্বীকৃতি এসেছে টেস্ট ক্রিকেটে আমার পারফরম্যান্সের জন্য, এটা আমাকে বিশেষভাবে আনন্দিত করেছে। তাইজুলও পাকিস্তানের বিপক্ষে এই স্মরণীয় সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছে। এই জয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আমাদের অবস্থান উন্নত করতেও সাহায্য করেছে, যা সাফল্যকে আরও অর্থবহ করে তুলেছে।’


নারী বিভাগে পুরস্কারটি জিতেছেন ইংল্যান্ডের পেস বোলার লরেন বেল। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে ধারাবাহিক সেরা পারফরম্যান্সের সুবাদে এই স্বীকৃতি পেলেন তিনি। আইসিসি ডটকমে নিবন্ধিত বৈশ্বিক ভক্ত ও সাবেক আন্তর্জাতিক খেলোয়াড় এবং গণমাধ্যম প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ প্যানেলের ভোটে বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।- আগামীর সময়