শনিবার, আগস্ট ২২, ২০২৬

বিশ্বকাপ বিদায়ের বেদনা, তার চেয়েও বড় শোক, বাবার মৃত্যুর খবর কঙ্গোর কোচ পেলেন

সোনার দেশ ডেস্ক ০২ জুলাই ২০২৬ ১২:২৮ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ০২ জুলাই ২০২৬ ১২:২৮ অপরাহ্ন
বিশ্বকাপ বিদায়ের বেদনা, তার চেয়েও বড় শোক, বাবার মৃত্যুর খবর কঙ্গোর কোচ পেলেন
ডিআর কঙ্গোর কোচ ডিস্যাব্রে।

ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ডিআর কঙ্গো। ম্যাচের শেষে বাবার মৃত্যুসংবাদ পেলেন কঙ্গোর কোচ ডিস্যাব্রে। 

বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরই ব্যক্তিগত জীবনে নেমে আসে এক মর্মান্তিক মুহূর্ত। সাংবাদিক বৈঠক চলাকালীন নিজের বাবার মৃত্যুসংবাদ পান ডিস্যাব্রে। 

খেলার শেষে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ডিস্যাব্রে। সেই সময়ে দলের মিডিয়া অফিসার সাংবাদিক বৈঠক থামিয়ে ফরাসি ভাষায় জানান, কোচ তাঁর বাবাকে হারিয়েছেন। 

খবরটি শুনে স্পষ্টতই স্তব্ধ হয়ে যান ডিস্যাব্রে। শান্তভাবে শুধু ‘মার্সি’ অর্থাৎ ধন্যবাদ বলে সাংবাদিক বৈঠক ছেড়ে চলে যান তিনি। এরপরই শেষ করে দেওয়া হয় সাংবাদিক বৈঠক। ডিস্যাব্রে আগে জানতেনই না তাঁর বাবা মারা গিয়েছেন। সাংবাদিক বৈঠকে আসার পর তিনি জানতে পারেন। 

ইংল্যান্ডের বিরুদ্ধে  ৭৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল কঙ্গো। হ্যারি কেন সমতা ফেরান। সেই হ্যারি কেনই আবার গোল করে ইংল্যান্ডকে শেষ ষোলোয় পৌঁছে দেন। ইংল্যান্ডের সামনে এবার মেক্সিকো। কঙ্গোর গোলকিপার এমপাসি নজর কেড়েছেন ম্যাচে। একাই রুখে দিয়েছেন ইংল্যান্ডের একাধিক আক্রমণ। শেষে জেতেন হ্যারি কেন।

তথ্যসূত্র: আজকাল অনলাইন