শনিবার, আগস্ট ২২, ২০২৬

বিশ্বকাপে বিতর্কে মেসি! হাত তুলে মিশরের কোচের ‘এক্স’ ইঙ্গিত, জল্পনা শুরু

সোনার দেশ ডেস্ক ০৮ জুলাই ২০২৬ ০২:৩১ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ০৮ জুলাই ২০২৬ ০২:৩১ অপরাহ্ন
বিশ্বকাপে বিতর্কে মেসি! হাত তুলে মিশরের কোচের ‘এক্স’ ইঙ্গিত, জল্পনা শুরু
লিয়োনেল মেসি। ছবি: রয়টার্স।

দুর্দান্ত প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে আর্জেন্টিনা। তার পরেই মিশরের কোচ হোসেম হাসানের একটি ইঙ্গিত নিয়ে শুরু হয়েছে জল্পনা। অভিযোগের তির লিয়োনেল মেসির দিকে। শোনা গিয়েছে, মিশরের কোচকে বর্ণবিদ্বেষী আক্রমণ করেছেন তিনি। তবে এর সপক্ষে কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।

আর্জেন্টিনা তৃতীয় গোল করার পর মিশরের ডাগআউটের কাছে গিয়ে হাসানের সঙ্গে কিছু কথা বলেছিলেন মেসি। এর পরেই দুই হাত দু’দিকে নিয়ে গিয়ে ইংরেজি অক্ষর ‘এক্স’-এর ইঙ্গিত করেন হাসান। খেলাধুলোয় এই ইঙ্গিত করা হয় বর্ণবিদ্বেষ-বিরোধিতা বোঝাতে। অর্থাৎ কেউ বর্ণবিদ্বেষী আক্রমণ করলে তা বোঝাতে এই চিহ্ন দেখানো হয়।

মেসি এ ধরনের কোনও কথা বলেছেন কি না, তা প্রকাশ্যে আসেনি। কারণ মেসির বলা কথাও কোনও অডিয়ো বা ভিডিয়ো প্রকাশ করেনি ফিফা। তবে মেসির আচরণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস ম্যাচের পর তাদের ডাগআউটের সামনে গিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন মেসি। সে নিয়ে বিতর্কও হয়েছিল।

বর্ণবিদ্বেষ আটকাতে ২০২৪-এ এই চিহ্ন চালু করে ফিফা। ম্যাচের মাঝে কোনও ফুটবলার, কোচ বা মাঠে থাকা দুই দলের যে কেউ বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হলে সঙ্গে সঙ্গে হাতের সাহায্যে এই ইঙ্গিত দেখাতে পারবেন। নিয়ম অনুযায়ী রেফারি সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দিতে পারেন। স্টেডিয়ামের স্পিকারে বর্ণবিদ্বেষী আক্রমণ বন্ধ করার অনুরোধ করা হতে পারে। তার পরে পরিস্থিতি অনুকূলে এলে রেফারি আবার ম্যাচ চালু করতে পারেন। তবে মঙ্গলবারের ম্যাচে এমন কিছু ঘটেনি।

তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন