ছোট্ট ইয়ামালকে বাথটাবে স্নান করানোর ঘটনা নিয়ে মুখ খুললেন মেসি
আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনালের আগে ১৮ বছরের পুরনো একটি ছবি নতুন করে আলোচনার কেন্দ্রে। স্পেনের তরুণ স্ট্রাইকার লামিনে ইয়ামালের সঙ্গে লিয়োনেল মেসির বহু চর্চিত ছবি। বার্সেলোনার এক সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে ছোট্ট ইয়ামালের সঙ্গে কিছু সময় কাটিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ফাইনালের আগে তা নিয়ে মুখ খুলেছেন মেসিও।
২০০৭ সালে বার্সেলোনার একটি সমাজসেবা মূলক প্রকল্পে যোগ দিয়েছিলেন মেসি। সতীর্থদের সঙ্গে গিয়েছিলেন বার্সেলোনার স্টেডিয়ামের কাছেই একটি উদ্বাস্তু কলোনিতে। সেখানে একটি শিশুর সঙ্গে হাসি মুখে কিছুটা সময় কাটান মেসি। তাকে কোলে নেন। স্নান করিয়ে দেন। পরে সেই শিশুই বেড়ে উঠেছে মেসিকে গড়ে তোলা বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়ায়। সে দিনের সেই ছোট্ট শিশুই আজকের ইয়ামাল। বিশ্বকাপ ফাইনালে মেসির আর্জেন্টিনা যিনি যে কোনও মুহূর্তে বিপদে ফেলতে পারেন।
মেসির বয়স এখন ৩৯। ইয়ামালের ১৯। বিশ্বকাপের মধ্যেই দু’জনে জন্মদিন পালন করেছেন। ফাইনালের আগে স্বাভাবিক ভাবেই ইয়ামালকে নিয়ে প্রশ্ন করা হয় মেসিকে। উঠে আসে ২০০৭ সালের সেই ছবির কথাও। মেসি বলেছেন, ‘‘ওই ছবিটা অসাধারণ। ইয়ামাল যখন শিশু ছিল, তখন ওর সঙ্গে আমার কয়েকটা ছবি রয়েছে। আমরা দু’জনেই এখন বিশ্বকাপ খেলছি। কী অবিশ্বাস্য না!’’
ইয়ামালের প্রশংসাও করেছেন মেসি। আর্জেন্টিনার অধিনায়ক তাঁর প্রিয় বার্সেলোনার উত্তরসূরিকে নিয়ে বলেছেন, ‘‘ও এখন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ওর জন্য আমার শুভকামনা থাকবে। ওর সাফল্য মানে তো বার্সেলোনারও সাফল্য। তবে ফাইনালে আমরা চেষ্টা করব, যাতে ইয়ামাল ওর সেরা খেলাটা খেলতে না পারে। শুধু ও নয়, স্পেনের গোটা দলটাই দুর্দান্ত। আমাদের হাতেই কিছু অস্ত্র আছে।’’ ইয়ামালকে নিয়ে মেসি আরও বলেছেন, ‘‘ইয়ামাল এখন বিশ্ব পর্যায়ের তারকা। অসাধারণ খেলোয়াড়। ওর বয়স সবে ১৯। গোটা ফুটবলজীবন পড়ে রয়েছে। ওর জন্য আমার শুভেচ্ছা সব সময় থাকবে। তবে এ বারই যাতে ও বিশ্বকাপ জিততে না পারে, তা নিশ্চিত করার জন্য আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করব।’’
মেসি-ইয়ামালের পুরনো ছবি আলোচনার বিষয় হয়ে উঠেছে স্পেন শিবিরেও। মিডফিল্ডার মিকেল মেরিনো বলেছেন, ‘‘প্রথম বার ছবিটা দেখে মনে হয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে। আসলে এমন কিছু হয়নি। কী অবিশ্বাস্য! সর্বকালের অন্যতম সেরা দু’জন ফুটবলার এক সঙ্গে। আশা করব, ইয়ামালও এক দিন মেসির পর্যায়ে পৌঁছোবে। মনে হচ্ছে, দুর্দান্ত একটা ফাইনাল হবে। ওরা দু’জনেই নিজেদের সেরাটা দিয়ে ফুটবলপ্রেমীদের দুর্দান্ত একটা উপহার দেবে।’’
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন