মেসি সফল ব্যবসায়ীও, বিশ্ব জুড়ে কতগুলি বিলাসবহুল হোটেল তাঁর
আর মাত্র দু’দিনের অপেক্ষা। তৃতীয়বার বিশ্বকাপ খেলতে নামবেন লিয়োনেল মেসি। ২০২২ সালে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেছেন। ২০২৬-এও দেশকে চ্যাম্পিয়ন করার সুযোগ রয়েছে মেসির সামনে। ১৯ জুলাই ফ্রান্সের বিরুদ্ধে মেসি-ম্যাজিক দেখার অপেক্ষায় অনুরাগীরা।
ফুটবলে মাঠে তিনি সাবলীল, সফল। তার পায়ের জাদু দেখার অপেক্ষায় থাকেন কোটি কোটি ফুটবলপ্রেমী। কিন্তু ব্যক্তিজীবনে? ৪০-এর দোরগোড়ায় দাঁড়িয়ে একাধিক বিলাসবহুল বাড়ি, নিজস্ব ফুটবল মাঠ, দামী গাড়ি— সম্পত্তি কিছু কম নেই তাঁর। সঙ্গে রয়েছে ইউরোপের নানা প্রান্তে ছ’টি বিলাসবহুল হোটেল। তার কোনওটি সাগরসৈকতে, কোনওটি তুষারাবৃত পাহাড়চূড়োয়। কোন ধরনের পরিষেবা মেলে এই সব হোটেলে? থাকার খরচই বা কত?
অ্যান্ডোরার হোটেল
মেসির প্রথম অভিজাত হোটেলটি তৈরি হয়েছে অ্যান্ডোরায়। দক্ষিণ-পশ্চিম ইউরোপের ছোট্ট একটি দেশ অ্যান্ডোরা। এখান থেকে দৃশ্যমান হয় পিরেনিজ পর্বতমালা। মেসির হোটেলটি সেই সৌন্দর্য উপভোগের অভিজ্ঞতাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। অ্যান্ডোরায় পাহাড়ের কোলে মেসির হোটেলে ৩৮টি বিলাসবহুল ঘর এবং স্যুট রয়েছে। উন্মুক্ত পরিসরে ঘরের সঙ্গে ব্যক্তিগত সুইমিং পুল রয়েছে। জিম, স্পা-সহ আরামের সমস্ত রকম পরিষেবা মিলবে। হোটলটি শহরের প্রাণকেন্দ্রে। ফলে ঘোরা এবং কেনাকাটা করার সুবিধা যথেষ্ট। ছুটি এবং মরসুমের উপর থাকার খরচ নির্ভর করে। এখানে এক রাতের ন্যূনতম ঘর ভাড়া ২৫০০০ টাকা।
বার্সেলোনার সৈকতে হোটেল
স্পেনের বার্সেলোনায় সিটজেস নামক সমুদ্র সৈকতে মেসির আরও একটি চমকপ্রদ হোটেল রয়েছে। সৈকত থেকে মাত্র ১০০ মিটার দূরে হোটেলটিতে ইনফিনিটি পুল, স্কাইবার, জিম রয়েছে। স্থানীয় এবং আন্তর্জাতিক খাবার পরিবেশন করা হয় রেস্তরাঁয়। ১২-১৪ হাজার থেকে ৭৯ হাজার টাকা পর্যন্ত ঘরভাড়া রয়েছে।
ইবিজার বুটিক হোটেল
স্পেনের ইবিজা শহরের ফিগুয়েরেতাস এলকায় সৈকতের ধারেই রয়েছে মেসির আরও একটি অভিজাত বুটিক হোটেল। হোটেলের অন্দরসজ্জা করেছেন ব্রিটিশ শিল্পী শন কোচরান। অত্যন্ত রুচিশীল এবং শৌখিন হোটেলের সাজসজ্জা। পাম গাছে ঘেরা সুইমিং পুল, সমুদ্র দেখা যায় এমন স্যুট, স্পা, জিমের সুবিধা রয়েছে। হোটেলের স্কাইবার থেকে অপরূপ সূর্যাস্ত উপভোগ করা যায়। এক রাতে থাকার খরচ প্রায় ৬৬ হাজার টাকা। তবে, ঘর অনুযায়ী ভাড়া ধার্য হয়।
মায়োর্কাতেও আছে হোটেল
স্পেনের মায়োর্কা দ্বীপের দক্ষিণ পূর্বে সৈকতের কাছাকাছি মেসির আরও একটি হোটেল রয়েছে। সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার জন্য স্প্যানিশ রেস্তরাঁ, সুইমিং পুল-সহ সমস্ত আধুনিক সুবিধা রয়েছে। বিভিন্ন মানের ৯৮টি ঘর রয়েছে এখানে। এক রাতে থাকার খরচ ১৩-১৪ হাজার টাকা থেকে শুরু।
স্কি রিসর্ট
স্পেনের কাতালান পিরেনিজ়ের বাকেরা অঞ্চলে স্কি করা হয়। বাকেরা কেবল কারের খুব কাছেই মেসির রিসর্টটি। ১৩৭টির মতো ঘর রয়েছে এখানে, নামী রন্ধনশিল্পীর তত্ত্বাবধানে রেস্তরাঁ, ঠান্ডার উপযোগী সুইমিং পুল, জিম-সহ আরামের সমস্ত বন্দোবস্ত রয়েছে এখানে।
মেরিনার রিসর্ট
এটিও রয়েছে স্পেনেই। মেরিনার সোতোগ্রান্দের প্রাণকেন্দ্রেই রয়েছে মেসির আরও একটি অভিজাক হোটেল। ৪৫টি আধুনিক ঘর রয়েছে যার বেশিরভাগ থেকেই সমুদ্র এবং বন্দর দৃশ্যমান। এখানে ভূমধ্যসাগরীয় খাবার বেশ উপভোগ্য। মিশেলিন তারকা শেফের তত্ত্বাবধানে সামুদ্রিক খাবার রান্না হয় হোটেলের নিজস্ব রেস্তরাঁয়।
স্পেনে মেসির কিছু হোটেলে অবশ্য অন্য সংস্থার দ্বারা যৌথ ভাবে পরিচালিত হয়।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন