শনিবার, আগস্ট ২২, ২০২৬

হারের পর অবশেষে মুখ খুললেন মেসি! ভবিষ্যতের সিদ্ধান্ত জানালেন

সোনার দেশ ডেস্ক ২০ জুলাই ২০২৬ ০২:৩১ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ২০ জুলাই ২০২৬ ০২:৩১ অপরাহ্ন
হারের পর অবশেষে মুখ খুললেন মেসি! ভবিষ্যতের সিদ্ধান্ত জানালেন
লিয়োনেল মেসি। ছবি: পিটিআই।

অবশেষে নীরবতা ভাঙলেন লিয়োনেল মেসি। মুখ খুললেন আর্জেন্টিনার অধিনায়ক। কয়েক ঘণ্টা আগে পর পর দু’বার বিশ্বকাপ জেতার স্বপ্নভঙ্গ হয়েছে তাঁর। জঘন্য খেলে হেরেছে তাঁর দল। কিছু করতে পারেননি মেসিও। গোটা ম্যাচে নিষ্প্রভ ছিলেন। সেই মেসিই এ বার মুখ খুললেন।

স্পেনের কাছে এই হার স্বীকার করে নিয়েছেন মেসি। খেলা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “খুব দুঃখ হচ্ছে। এ কথা বলতে পারি যে আমরা নিজেদের সেরাটা দিয়েছি।” স্পেন যে যোগ্য দল হিসাবে জিতেছে তা মেনে নিয়েছেন মেসি। তিনি বলেন, “সত্যি বলতে, ওরা আমাদের থেকে ভাল খেলেছে। আমরা হেরেছি। হার স্বীকার করছি। তার মানে এই নয় যে এত দিন যে ফুটবলটা খেলেছি তা ভুলে যাব। সকল সতীর্থ ও আর্জেন্টিনার সকল নাগরিককে ধন্যবাদ।”

এর বেশি অবশ্য কিছুই বলেননি মেসি। এর পরে যে মেসি আর বিশ্বকাপে খেলবেন না তা বলাই যেতে পারে। কিন্তু তিনি আর্জেন্টিনার জার্সিতে আর খেলবেন কি না, সেই বিষয়ে মুখ খোলেননি মেসি। তবে বিশ্বকাপ ফাইনালের আগে মেসির পোস্ট দেখে মনে হয়েছে, আন্তর্জাতিক ফুটবলে হয়তো তাঁকে আর দেখা যাবে না। হতে পারে হারের ধাক্কার পর এখনই অবসর নিয়ে কিছু বলতে চাননি তিনি। পরে এই বিষয়ে নিজের সিদ্ধান্ত জানাবেন মেসি।

মেসি কিছু না বললেও তাঁর ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দিয়েছে তাঁর দেশের ফুটবল সংস্থা। সমাজমাধ্যমে মেসিকে নিয়ে একটি পোস্ট করেছে আর্জেন্টিনা ফুটবল সংস্থা। সেখানে দেখা যাচ্ছে, গলায় রানার্সের পদক ঝুলিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন মেসি। তাঁর চোখে জল। ক্যাপশনে তারা লিখেছে, “অধিনায়ক, তোমার কান্না আমাদেরকেও কাঁদায়। তুমি আমাদের জীবনের সেরা আনন্দ দিয়েছ। তোমার নিষ্ঠা, জাদু ও দেশের হয়ে শেষ মুহূর্ত পর্যন্ত তোমার লড়াইতে সেলাম। তোমাকে সারা জীবন আমরা ভালবাসব লিয়ো। সব কিছুর জন্য ধন্যবাদ।”

মেসিকে নিয়ে ফুটবল সংস্থার এই পোস্ট থেকে ইঙ্গিত, হয়তো দেশের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন তিনি। তবে আরও একটি জল্পনা শোনা যাচ্ছে। হতে পারে আর্জেন্টিনার মাটিতে কোনও প্রীতি ম্যাচের আয়োজন করা হতে পারে। সেখানে খেলে দেশের মানুষের সামনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি। তবে সবই এখন জল্পনার স্তরে। সরকারি ভাবে কিছু জানা যায়নি।

ফাইনাল হেরে মেসির ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনার কোচ লিয়ানেল স্কালোনি। তিনি বলেন, “এখন ওর ৩৯ বছর বয়স। ও এক কথায় অবিশ্বাস্য। ওর থেকে আমি নতুন কিছু আর বার করতে পারব না। আমি আগেও বলেছিলাম। আজও বলছি। মেসি যত দিন চায় খেলে যেতে পারে। সব সমর্থক, সতীর্থ ওর পাশে থাকবে। আমি নিশ্চিত, প্রত্যেকে ওকে নিয়ে গর্বিত। ও যা অর্জন করেছে, নিঃসন্দেহে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার।”

তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন