প্রত্যাবর্তনের গল্প লিখে সেমি-ফাইনালে বাংলাদেশ
শুরু থেকে হলো তীব্র লড়াই, যদিও প্রথম দুই সেটে হেরে বসল বাংলাদেশ। তবে এরপর, দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টানা তিন সেট জিতে আনন্দে ভাসলেন হরসিত-সুজনরা। কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল খেলা নিশ্চিত করল তারা।
পাকিস্তানের ইসলামাবাদে হওয়া এই প্রতিযোগিতায় সোমবার রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচে চার জয় নিয়ে সেরা চারে উঠল দল।
উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছিল। তৃতীয় ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে আবার জিতেছিল ৩-২ সেটে। এরপর নেপালের বিপক্ষে ৩-২ সেটের জয়ে টিকে তাদের সেমি-ফাইনালে খেলার আশা।
এদিন সেই আশা অবশ্য শুরুতে উবে যেতে বসেছিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, দুই সেটে ২৬-২৪ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তৃতীয় সেটে ২৫-২৩ পয়েন্টে জিতে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় দল।
চতুর্থ সেটে ২৫-২১ ব্যবধানের জয়ে ম্যাচ পঞ্চম সেটে টেনে নিতে পারেন হরসিত-মাসুদরা। আর শেষ সেটে ১৫-১২ পয়েন্টের জয়ে রাউন্ড রবিন লিগের বৈতরণী পার হলো বাংলাদেশ।
তথ্যসূত্র: বিডিানিউজ