শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত

সোনার দেশ ডেস্ক ০৯ আগস্ট ২০২৬ ০৯:৫৯ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৯ আগস্ট ২০২৬ ০৯:৫৯ অপরাহ্ন
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার মনোনয়ন চূড়ান্ত করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বিষয়টি জানিয়েছেন দলটির একজন জ্যেষ্ঠ নেতা। মন্ত্রিসভার সদস্য ও বিএনপির ওই নেতা জানিয়েছেন, দীর্ঘদিনের মহাসচিবকেই রাষ্ট্রপতি পদের জন্য দল মনোনীত করেছে। তিনি বলেন, “বিএনপি চেয়ারম্যান কর্তৃক মির্জা ফখরুলের নাম প্রায় নিশ্চিতভাবেই চূড়ান্ত করা হয়েছে।”


মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৭২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন। ১৯৮৬ সালে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৮৮ সালে বিএনপিতে যোগ দেন।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।


বিএনপির দুর্দিনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবেও যোগ্যতার স্বাক্ষর রাখেন তিনি। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের কাউন্সিলে তাকে মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিগত দিনে আন্দোলন সংগ্রাম ও ক্লিন ইমেজের কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন। এর আগে রোববার (৯ আগস্ট) সকালে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি থেকে দুইটি মনোনয়নপত্র সংগ্রহ করে ক্ষমতাসীন বিএনপি। ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচনি কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।


অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। এরপর থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা বাধ্যতামূলক।


নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ২০ আগস্ট নির্ধারণ করেছে।


তথ্যসূত্র: রাইজিংবিডি