ফ্যামিলি কার্ড : জনবল নিয়োগের তালিকা বাতিলের দাবিতে ইউএনও কার্যালয়ে ভাঙচুর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের তালিকা বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় ইউএনও কার্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল করেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও এনসিপির নেতাকর্মী এবং নিয়োগ বঞ্চিতরা। তারা ফ্যামিলি কার্ড প্রদানের জন্য তথ্যসংগ্রহকারী সুপারভাইজারদের তালিকা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। এমনকি তালিকায় ফ্যাসিস্টের নেতা-কর্মীদের নামও রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের নামের তালিকা প্রকাশ করে উপজেলা প্রশাসন। তালিকা প্রকাশের বিষয়টি জানাজানি হলে দুপুর ১টার দিকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও এনসিপির নেতাকর্মী এবং নিয়োগ বঞ্চিতরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে বের হয়। সেখান থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় তলায় অফিস কক্ষের জানালা ও কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। পরে বিএনপির সিনিয়র নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এসব বিষয়ে ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল মিয়া বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। তালিকায় ফ্যাসিস্টের নেতা-কর্মীদের নামও রয়েছে। তাই ক্ষুব্ধ হয়ে দলীয় নেতাকর্মী ও নিয়োগ বঞ্চিতরা এই ঘটনা ঘটান। তিনি অবিলম্বে এই তালিকা বাতিলের দাবি জানান।
তবে ফুলছড়ি ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, ‘সুপারভাইজার নিয়োগে এক হাজারেরও বেশি আবেদন পড়ে। সরকারি নিয়ম অনুসরণ করে সেখান থেকে মেধার ভিত্তিতে ৭৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। যারা নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন, তারাই ক্ষুদ্ধ হয়ে ভাঙচুর করেছেন।’
তথ্যসূত্র: জাগোনিউজ