তানজিদ তামিমের সেঞ্চুরি, শান্তর অর্ধশতক
অপেক্ষার অবসান। অস্ট্রেলিয়ার মাটিতে কোনো সংস্করণেই বাংলাদেশি ব্যাটসম্যানের সেঞ্চুরি ছিল না। সেই আক্ষেপ ঘুচল ডারউইনে। ইতিহাসের পাতায় নিজের নাম লিখলেন তানজিদ হাসান তামিম।
৬৪ তম ওভারের শেষ বলে দারুণ এক ড্রাইভে লং অফে বল পাঠিয়েই তিন অঙ্কে পৌঁছে যান তানজিদ। ১৮৮ বলে পাওয়া সেঞ্চুরির পর হেলমেট খুলে আকাশের দিকে তাকিয়ে উদযাপন করেন বাঁহাতি এই ওপেনার। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৮ চার ও ১ ছক্কার প্রদর্শনীতে।
এর আগেও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের সেঞ্চুরি ছিল, তবে সেগুলো অজিদের মাটিতে না। ২০০৬ সালে ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করেছিলেন শাহরিয়ার নাফিস। আর ২০০৫ সালে কার্ডিফে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এক শতক করেছিলেন মোহাম্মদ আশরাফুল।
শুধু তানজিদ নন, ব্যাট হাতে আলো ছড়িয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তানজিদের সঙ্গে দারুণ জুটি গড়ে তিনিও তুলে নিয়েছেন অর্ধশতক। এক প্রান্তে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, অন্য প্রান্তে শান্তর দৃঢ় ব্যাটিং, ডারউইনে বাংলাদেশের দ্বিতীয় দিনটাও এখন পর্যন্ত স্বপ্নের মতোকি রঙিন কাটছে।
তবে তানজিদ সুযোগ থাকার পরও ইনিংসটা বড় করতে পারেননি। নাথান লায়নের বলে ১০১ রান করে আউট হয়ে যান। লায়নের হাওয়ায় ভাসানো বলে লং অফের ওপর দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন তানজিদ। সেই চেষ্টায় স্টার্কের হাতে ধরা পড়েছেন। এরপর উইকেটে এসেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
এই রিপোর্ট লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৪৮ রান, লিড ৫০ রানের। শান্ত ৫৮ রানে এবং মুশফিক ৯ রানে অপরাজিত আছেন।
তথ্যসূত্র: রাইজিংবিডি