শনিবার, আগস্ট ২২, ২০২৬

রোনাল্ডো-জর্জিনার বিয়ের নেপথ্যে সম্পত্তির কোন গোপন ‘ডিল’?

সোনার দেশ ডেস্ক ১৪ আগস্ট ২০২৬ ১০:০৫ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ১৪ আগস্ট ২০২৬ ১০:০৫ অপরাহ্ন
রোনাল্ডো-জর্জিনার বিয়ের নেপথ্যে সম্পত্তির কোন গোপন ‘ডিল’?

সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জর্জিনা রদ্রিগেজ। গত ১১ আগস্ট পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে সারেন তাঁরা।


আর বিয়ের পরই সামনে এসেছে তাঁদের বিবাহের আর্থিক শর্ত নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য। মেক্সিকোর সংবাদমাধ্যম ‘এন পারেজা’-র প্রতিবেদনের দাবি, পর্তুগালের সরকারি নথি অনুযায়ী রোনাল্ডো ও জর্জিনার বিয়ে হয়েছে ‘সেপারেশন অফ প্রপার্টি’ বা পৃথক সম্পত্তি ব্যবস্থার অধীনে।


অর্থাৎ, বিয়ের আগে বা পরে দু’জনের অর্জিত সম্পত্তি, আয় এবং বিনিয়োগের উপর সংশ্লিষ্ট ব্যক্তিরই নিয়ন্ত্রণ থাকবে। ভবিষ্যতে তাঁদের বিচ্ছেদ হলেও সম্পত্তি স্বয়ংক্রিয় ভাবে ভাগ হয়ে যাওয়ার নিয়ম থাকবে না।


এই শর্তের ফলে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের বেতন, বিজ্ঞাপন থেকে আয় এবং ব্যবসায়িক বিনিয়োগ সহ রোনাল্ডোর ব্যক্তিগত সম্পদ তাঁর নিজেরই থাকবে। এমনটাই জানানো হয়েছে ওই প্রতিবেদনে।


একই ভাবে জর্জিনার নিজস্ব সম্পত্তি ও উপার্জনের উপরও থাকবে তাঁর পূর্ণ অধিকার। আবার, পর্তুগিজ ম্যাগাজিন ‘টিভি গুইয়া’-র একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আরও কয়েকটি শর্তের কথা।


যদি রোনাল্ডো এবং জর্জিনার কোনওদিন ডিভোর্স হয় সেক্ষেত্রে আরও কয়েকটি শর্ত লাগু হবে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্পর্কের ইতি ঘটলে জর্জিনাকে প্রতি মাসে প্রায় ১ লক্ষ ইউরো, ভারতীয় মুদ্রায় প্রতি মাসে আনুমানিক ১.১০ কোটি টাকা দিতে হবে রোনাল্ডোকে।


শুধু তাই নয়, মাদ্রিদের লা ফিনকায় থাকা রোনাল্ডো-জর্জিনার বিলাসবহুল বাড়িটির মালিকানাও জর্জিনার নামে করে দেওয়ার একটি শর্ত রয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।


বাড়িটির বর্তমান আনুমানিক মূল্য ৫.৬ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩.৫ কোটি টাকা। জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে রোনাল্ডো এবং জর্জিনার পাঁচ সন্তানও উপস্থিত ছিল।


সরকারি নথিতে সাক্ষী হিসেবে রোনাল্ডোর দীর্ঘদিনের বন্ধু মিগেল পাইশাও এবং জর্জিনার বোন ইভানা রদ্রিগেজের নাম রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। রোনাল্ডো-জর্জিনার বিয়েতে অবশ্য কোনও সতীর্থের উপস্থিতি ছিল না।


পর্তুগাল জাতীয় দল কিংবা আল-নাসরের সতীর্থদের কাউকেই অনুষ্ঠানে দেখা যায়নি। এমনকী বিয়ের পরেও দু’জন নিজেদের পদবি পরিবর্তন করেননি বলে জানা গিয়েছে। এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, মাদেইরার ফুনচাল ক্যাথেড্রালে বড় করে বিয়ের অনুষ্ঠান বা রিসেপশনের আয়োজন করতে পারেন রোনাল্ডো-জর্জিনা। 


সেই খবর ছড়িয়ে পড়তেই সেখানে বহু অনুরাগী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা জড়ো হয়েছিলেন। তবে এখনও পর্যন্ত রিসেপশন নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি রোনাল্ডো বা জর্জিনা। গোটা বিষয়টিই আপাতত ব্যক্তিগত রাখতে চাইছেন তাঁরা।


তথ্যসূত্র: আজকাল অনলাইন