শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন করে সড়ক অবরোধ

WP Import ২২ ডিসেম্বর ২০২৫ ০৪:১০ অপরাহ্ন
WP Import ২২ ডিসেম্বর ২০২৫ ০৪:১০ অপরাহ্ন
ঈশ্বরদীতে কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন করে সড়ক অবরোধ
ঈশ্বরদীতে কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন করে সড়ক অবরোধ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


৮ দফা বাস্তবায়নের দাবিতে পাবনার ঈশ্বরদীতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে সড়ক অবরোধ, মানববন্ধন ও শহরে বিক্ষোভ মিছিল করেছে ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের (এটিআই) শত শত শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১ টা থেকে দেড়টা পর্যন্ত তারা শহরের রেলওয়ে গেট জিরো পয়েন্টের মূল সড়কে বসে দীর্ঘসময় ধরে অবস্থান কর্মসূচী পালন করে।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে ঈশ্বরদী প্রেসক্লাবের সামনের সড়কে বসে ফের বিক্ষোভ সমাবেশ করে। এসময় প্রায় দুই ঘন্টা ধরে শহরের স্টেশন রোড, পাবনা রোড, রেলগেট, বিমানবন্দর সড়কসহ পথে পথে আটকা পড়ে শত শত যানবাহন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আট দফা উল্লেখ করে অভিযোগ করে বলেন, কৃষি উপদেষ্টার আশ্বাসের ৯ মাস পরেও আট দফা দাবি বাস্তবায়নে কোন কার্যকরি পদক্ষেপ গ্রহণ না করায় আমরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে রাজপথে আন্দোলনে নেমেছি। এর পরও দাবি মানা না হলে কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। এসময় পথসভায় বক্তব্য দেন রাহিদ রায়হান, মো. আবির, ফারজানা ইয়াসমিন রাফা, সাদিয়া জামানসহ অন্যান্য শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি মেনে না নিলে আমরা কঠোর আন্দোলনে যাবো। শিক্ষার্থীদের দাবিগুলো হলো ডিপ্লোমা কৃষিবিদদের স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ প্রদান, উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসাবে গেজেট করে প্রজ্ঞাপন জারি, প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখা, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন থেকে বের করে সম্পুর্ন ভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করা, সকল গবেষণা

প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করা, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকুরির ক্ষেত্রে নুন্যতম ১০ম গ্রেডের পে স্কেল প্রদান, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠপর্যায়ে সংযুক্তি ভাতা প্রদান, উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকুরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করা।

প্রসঙ্গত: গত ২১ এপ্রিল কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এসময় উপদেষ্টা শিক্ষার্থীদের দ্রুততম সময়ে তাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। শিক্ষার্থী প্রতিনিধিরা সেই আশ্বাসের প্রেক্ষিতে চলমান আন্দোলন বন্ধ রেখে শ্রেণিকক্ষে ফিরে যায়। এসব দাবি পুরণ না হওয়ায় শিক্ষার্থীরা আবারো আন্দোলনে নামতে বাধ্য হয়েছে বলে জানানো হয়।