শনিবার, আগস্ট ২২, ২০২৬

২১ ডিসেম্বর ঈশ্বরদী মুক্ত দিবস

WP Import ২০ ডিসেম্বর ২০২৫ ১২:১৯ অপরাহ্ন
WP Import ২০ ডিসেম্বর ২০২৫ ১২:১৯ অপরাহ্ন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


২১ ডিসেম্বর ঈশ্বরদী মুক্ত দিবস। মহান মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে ঈশ্বরদীর সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধারা প্রথম শহরে এসে স্বাধীনভাবে ঘোরাফেরা শুরু করেন। মুক্তিযোদ্ধারা জানান, উত্তাল একাত্তরের এপ্রিল থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ঈশ্বরদীতে সম্মুখযুদ্ধে নিহত হন ২৭ জন বীর মুক্তিযোদ্ধা। এসব যুদ্ধে ৪০ জন শত্রুসেনাও মারা যায়।

২৯ মার্চ মাধপুরের যুদ্ধ, ৬ নভেম্বর খিদিরপুরের যুদ্ধ এবং ১১ ডিসেম্বর জয়নগরের যুদ্ধসহ অন্যান্য গেরিলা যুদ্ধে এসব মুক্তিযোদ্ধারা শহীদ হন। মুক্তিযুদ্ধের সময় ১১ এপ্রিল নূর মহল্ল¬¬া ও ফতেমোহাম্মদপুর এলাকায় ৩২ জন বাঙালিকে এবং একটি হিন্দু পরিবারের ১১ জন সদস্যদের সবাইকে নির্মমভাবে পাক হানাদার বাহিনী হত্যা করে।

ঈশ্বরদী বিমান বন্দর, দেশের অন্যতম বড় রেলওয়ে জংসন, তৎকালীন সাঁড়ার বৃহৎ নদীবন্দর এবং সড়ক যোগাযোগের ক্ষেত্রে উত্তর-দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ঈশ্বরদী কেন্দ্র বিন্দু হওয়ায় মুক্তিযুদ্ধের সময় পাক-সেনারা ঈশ্বরদীতে শক্ত অবস্থান নেয়।

এরই অংশ হিসেবে দীর্ঘদিন সাহসিকতার সঙ্গে সম্মুখযুদ্ধের পর যুদ্ধকালীন এই দিন অর্থাৎ ২১ ডিসেম্বর পুরোপুরি শত্রুমুক্ত করে ঈশ্বরদী মুক্ত দিবস হিসেবে ঘোষণা দিয়ে আনন্দ উল্লাস করে ঈশ্বরদীবাসী। তখন থেকেই এই দিনটি ‘ঈশ্বরদী মুক্ত দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।