ঈশ্বরদীতে পুলিশ কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদী থানার এক পুলিশ কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোর বাসার রান্নাঘরের ভেন্টিলেটর ও এক্সিট ফ্যান ভেঙে ঘরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ আনুমানিক ছয় লাখ টাকার সামগ্রী চুরি করে নিয়ে গেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে শহরের শেরশাহ রোড এলাকায় এ ঘটনা ঘটে। চুরির শিকার পুলিশ কর্মকর্তা হলেন, ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুজ্জামান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, পুলিশ কর্মকর্তার বাসায় সংঘটিত এ চুরির ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা মো. শরিফুজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যায় বাসা তালাবদ্ধ করে স্ত্রীকে সঙ্গে নিয়ে তারা বাইরে যান। রাত ৮ টার দিকে বাসায় ফিরে দেখেন ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, রান্নাঘরের ভেন্টিলেটরের এক্সিট ফ্যান ভেঙে চোররা ঘরে প্রবেশ করে।
বাসার ওয়ারড্রব ও আলমিরা থেকে স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে তারা। এতে তার প্রায় ৬ লাখ টাকা খোয়া গেছে বলে তিনি জানান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, একজন পুলিশ কর্মকর্তার বাসায় এমন চুরির ঘটনা আমাদেরকেও বিস্মিত করেছে।