শনিবার, সেপ্টেম্বর ০৫, ২০২৬

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট, তবু বিশ্বরেকর্ড নয়

সোনার দেশ ডেস্ক ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন
হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট, তবু বিশ্বরেকর্ড নয়

ব্যাটিং, বোলিং আর নেতৃত্বে চামারি আতাপাত্তুর কীর্তির অভাব নেই। লঙ্কান ক্রিকেটের কিংবদন্তি তিনি। এবার বল হাতে অসাধারণ পারফরম্যান্সে নিজেকে তুলে নিলেন তিনি নতুন উচ্চতায়। তার চোখধাঁধানো বোলিং ফিগারও অবশ্য বিশ্বরেকর্ড নয়, তবে লঙ্কান ক্রিকেটে নিজের নাম খোদাই করলেন তিনি আরও একবার।


উইমেন’স এশিয়া কাপে বুধবার ইন্দোনেশিয়ার বিপক্ষে ৩.৩ ওভার বোলিং করে ৫ রানে ৭ উইকেট শিকার করেন আতাপাত্তু। এর মধ্যে ছিল হ্যাটট্রিকও।


নারী টি-টোয়েন্টি শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। কিন্তু আগে কখনও এক ম্যাচে ৫ উইকেট ছিল না তার। ম্যাচে ৫ উইকেট ছিল না শ্রীলঙ্কার কোনো বোলারের। এমনকি হ্যাটট্রিক করা প্রথম লঙ্কান বোলারও তিনিই।


তবে শ্রীলঙ্কার বাইরে নারী টি-টোয়েন্টিতে তার চেয়ে ভালো বোলিং পারফরম্যান্স আছে আরও চারজনের!


আইসিসির সব সদস্য দেশ টি-টোয়েন্টি মর্যাদা পাওয়ার পর এই সংস্করণে বিচিত্র যত রেকর্ড হচ্ছে, সেই ছাপ পড়েছে এখানেও। গত এপ্রিলে লেসেথোর বিপক্ষে ব্রাজিলের লরা কার্দোসো গড়েছেন অবিশ্বাস্য এক কীর্তি। তরুণ এই পেসার ৯ উইকেট নিয়েছেন মাত্র ৪ চারে!


অবিশ্বাস্য হলেও সত্যি, শূন্য রানে ৭ উইকেটের কীর্তিও আছে। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ইন্দোনেশিয়ার অফ স্পিনার রহমিলা রহমিলা অভিষেকেই দেখিয়েছিলেন এমন বোলিং।


এছাড়া ৩ রানে ৭ উইকেটও আছে দুই বোলারের। ২০২১ সালে ফ্রান্সের বিপক্ষে নেদারল্যান্ডসের পেসার ফ্রেডেরিক ওভারডাইক করেছিলেন এমন বোালিং, পরের বছর পেরুর বিপক্ষে করেছিলেন আর্জেন্টাইন পেসার আলিসন স্টকস।


৫ রানে ৭ উইকেট নিয়েও আতাপাত্তু আছেন এই রেকর্ডের পাঁচে।


তার কীর্তি অবশ্য তাতে ম্লান হচ্ছে না। বিশেষ করে, ম্যাচের প্রেক্ষাপটে ভালো বোলিং জরুরি ছিল লঙ্কানদের। দারুণ বোলিংয়ে তাদেরকে কাঁপিয়ে দিয়েছিল এশিয়া কাপে অভিষিক্ত নবীন দেন ইন্দোনেশিয়া। বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ২০ ওভারে তুলতে পারে মাত্র ১২৪ রান।


এক পর্যায়ে অবশ্য আরও নাজুক অবস্থায় ছিল তারা। ত্রয়োদশ ওভারে রান ছিল ৬ উইকেটে ৬২। ছয়ে নামা নিলাকাশি সিলভা ৩৫ বলে ৫০ রানের ইনিংস খেলে মান রক্ষা করেন দলের।


ব্যাটিংয়েও ইন্দোনেশিয়ার শুরুটা খারাপ ছিল না। প্রথম তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৭ রান তোলে তারা। এরপরই আতাপাত্তু বদলে দেন দৃশ্যপট।


চতুর্থ ওভারে আক্রমণে এসে দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন তিনি। পরের ওভারে উইকেট নেন টানা দুই বলে। হ্যাটট্রিক হতে পারত তখনই। কিন্তু অফ স্টাম্পে বাতাস লাগিয়ে সামান্য বাইরে দিয়ে চলে যায় বল।


নতুন স্পেলে বোলিংয়ে আসেন তিনি চতুর্দশ ওভারে। এবার উইকেট নেন আরেকটি।


এরপর শেষ ওভারটি করতে আসেন তিনি ১৯তম ওভারে। ইন্দোনেশিয়ার রান তখন ৭ উইকেটে ৪৯।


এবার ওভারের প্রথম বলেই উইকেট নিয়ে পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট। পরের দুই বলেও উইকেট নিয়ে শেষ করে দেন ম্যাচ, নিজে পূর্ণ করেন হ্যাটট্রিকসহ সাত উইকেট।


শ্রীলঙ্কা ম্যাচ জিতে নেয় ৭৫ রানে।


আগামী রোববার লঙ্কানদের লড়াই বাংলাদেশের বিপক্ষে, যে ম্যাচের ওপর নির্ভর করতে পারে গ্রুপের শীর্ষস্থান।


তথ্যসূত্র: বিডিনিউজ