চূড়ান্ত হলো বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজের সূচি
অগুরুত্বপূর্ণ হলেও ত্রিদেশীয় সিরিজটিতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস- ফাইল ফটো।
বাংলাদেশ ক্রিকেট দলের সামনে যেন বিশ্রামেরই সুযোগ নেই, একটার পর একটা সিরিজ। এশিয়ান গেমসের ব্যস্ততা শেষে অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে টাইগাররা। এরপর সেই একই সফরে জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নামবে বাংলাদেশ।
৯ অক্টোবর শুরু হওয়া আফগানিস্তান-বাংলাদেশের একমাত্র টেস্ট। লাল বলের ক্রিকেট শেষে বিরতি না নিয়েই ওয়ানডে সিরিজে নামতে হবে বাংলাদেশকে। ১৭ অক্টোবর ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। দুই দিন পর, ১৯ অক্টোবর মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। লিগ পর্বের শেষ ম্যাচে ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দুই দলের লড়াইয়ের পর ২৩ অক্টোবর হবে ফাইনাল।
বাংলাদেশের জন্য এই সফরটি গুরুত্বপূর্ণ আরও একটি কারণে। সফরের একমাত্র টেস্ট ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশীপের ম্যাচগুলোতে প্রস্তুতির অংশ হিসেবে কাজে আসবে। বাংলাদেশের অক্টোবর-নভেম্বরের সূচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দুটি টেস্ট রয়েছে। সেই সিরিজ খেলেই উড়াল দিবে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে।
অন্যদিকে, সেপ্টেম্বরের মাঝামাঝি এশিয়ান গেমসে অংশ নিতে জাপানে যাবে বাংলাদেশ দল। সেখানকার ব্যস্ততা শেষ করে দেশে ফেরার পর খুব বেশি সময় না নিয়েই আমিরাতের বিমান ধরতে হবে।
একনজরে আরব আমিরাত সফরের সূচি:
৯-১৩ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ একমাত্র টেস্ট
ত্রিদেশীয় সিরিজ
১৭ অক্টোবর : বাংলাদেশ-জিম্বাবুয়ে
১৯ অক্টোবর : আফগানিস্তান-জিম্বাবুয়ে
২১ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ
২৩ অক্টোবর : ত্রিদেশীয় সিরিজের ফাইনাল
তথ্যসূত্র: রাইজিংবিডি