বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬

হংকং চায়নাকে উড়িয়ে চ্যালেঞ্জার পুলে অপরাজিত বাংলাদেশ

সোনার দেশ ডেস্ক ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫২ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫২ অপরাহ্ন
হংকং চায়নাকে উড়িয়ে চ্যালেঞ্জার পুলে অপরাজিত বাংলাদেশ
অপরাজিত থেকে চ্যালেঞ্জার পুলের খেলা শেষ করেছে বাংলাদেশ। ছবি: বাহফে

দুর্দান্ত পথচলায় এবার হংকং চায়নাকে উড়িয়ে দিলেন আইরিন-শারিকারা। উইমেন’স জুনিয়র এশিয়ান কাপের চ্যালেঞ্জার পুলের খেলা অপরাজিত থেকেই শেষ করল বাংলাদেশ।


হুলুনবুইর সিটিতে বুধবার হংকং চায়নাকে ৬-০ গোলে হারায় বাংলাদেশ। জোড়া গোল করেন আইরিন রিয়া ও লিমা। বাকি দুই গোলদাতা রিমন শারিকা ও কনা আক্তার।


চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে এই আসরের চ্যালেঞ্জার পুল পর্ব শুরুর পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ৫-১ গোলে। এরপর কাজাখস্তানকে ৪-০ ব্যবধানে হারিয়ে জয়যাত্রা ধরে রেখেছিল দল। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে পরের ধাপে গেল বাংলাদেশ।


ম্যাচের শুরু থেকে আধিপত্য করা বাংলাদেশ এগিয়ে যায় নবম মিনিটে। পেনাল্টি কর্নার থেকে দারুণ হিটে দলকে এগিয়ে নেন অধিনায়ক শারিকা। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন আইরিন। এই কোয়ার্টার কনা জালের দেখা পেলে ৩-০ ব্যবধানে এগিয়ে ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ।


পরের দুই কোয়ার্টারেও হংকং চায়নাকে কোণঠাসা করে রাখে বাংলাদেশ। ৩১তম মিনিটে লিমা ও দুই মিনিট পর আইরিনের ফিল্ড গোলে ব্যবধান আরও বাড়িয়ে বড় জয়ের পথে ছুটতে থাকে বাংলাদেশ। চতুর্থ ও শেষ কোয়ার্টারে লিমা দলের পক্ষে করেন ষষ্ঠ গোলটি।


বাংলাদেশকে এবার লড়তে হবে এলিট পুলের প্রতিপক্ষের সাথে। এলিট পুলে খেলছে ভারত, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। তবে, বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি এখনও।


তথ্যসূত্র: বিডিনিউজ