কলকাতায় বাংলাদেশি দুই সিনেমা পুরস্কৃত
ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায় সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘জয়া আর শারমিন’। এই উৎসবের পঞ্চম আসরে ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন পিপলু আর খান।
‘জয়া আর শারমিন’ ছাড়াও এই উৎসবে প্রামাণ্যচিত্র বিভাগে বিচারকদের বিশেষ স্বীকৃতি ‘জুরি মেনশন’ পুরস্কার জিতেছে মকবুল চৌধুরী পরিচালিত ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’।
গত ৮ সেপ্টেম্বর কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর উৎসবের পর্দা নামে। গতকাল সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করা হয়। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) পূর্বাঞ্চল শাখার এই উৎসবের আয়োজন করে।
‘জয়া আর শারমিন’–এর প্রযোজক আবু শাহেদ ইমন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্বীকৃতি এবং উৎসবে চলচ্চিত্র সমালোচক, নির্মাতা ও দর্শকদের উষ্ণ সাড়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। এই পুরস্কারকে সিনেমার সব শিল্পী ও কলাকুশলীর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও উৎসাহের একটি অর্জন হিসেবে দেখছেন তিনি।
ছয় দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হয়েছে মোট ৩৮টি চলচ্চিত্র। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে ছিল ১৯টি সিনেমা। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ইরান, স্পেন, জার্মানি, কোস্টারিকা, পর্তুগাল, ব্রাজিল, ভেনেজুয়েলা ও উজবেকিস্তানের চলচ্চিত্র অংশ নেয়। তিন সদস্যের বিচারক প্যানেলে ছিলেন অধ্যাপক উজ্জ্বল চক্রবর্তী, রীতা দত্ত ও প্রদীপ কেনচানুরু।
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দ্বিতীয় সেরা সিনেমার ‘বিমল রায় সিলভার অ্যাওয়ার্ড’ পেয়েছে ভারতের অসমিয়া ভাষার চলচ্চিত্র ‘রিভার টেলস’। এটি পরিচালনা করেছেন পঙ্কজ বরা। এই বিভাগে জুরি মেনশন পেয়েছে নাদিয়ে ওয়াসালামুদালিআরাচ্চি পরিচালিত শ্রীলঙ্কার চলচ্চিত্র ‘প্যানট্রাম’।
প্রামাণ্যচিত্র বিভাগে সেরা সিনেমার ‘হরিসাধন দাশগুপ্ত গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেয়েছে রণজিৎ রায় পরিচালিত ‘ডলস ডোন্ট ডাই: পুতুলনামা’। দ্বিতীয় সেরা প্রামাণ্যচিত্রের ‘হরিসাধন দাশগুপ্ত সিলভার অ্যাওয়ার্ড’ জিতেছে দীপ ভূঞা পরিচালিত ‘রিভার স্টিল ফ্লোজ’।
স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে সেরা সিনেমার ‘চিদানন্দ দাশগুপ্ত গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেয়েছে ড. ধৃতিশ্রী সরকার পরিচালিত ‘দ্য টেল অব কথা’। একই বিভাগে দ্বিতীয় সেরা সিনেমার ‘চিদানন্দ দাশগুপ্ত সিলভার অ্যাওয়ার্ড’ পেয়েছে মোহাম্মদ সাজাদ মোতাহারিজাদেহ পরিচালিত ইরানি চলচ্চিত্র ‘সাডেনলি রাইজ’।
করোনাকালীন বাস্তবতা, নিঃসঙ্গতা এবং মানবিক সম্পর্কের সূক্ষ্ম রূপ নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’। অভিনেত্রী জয়া ও তার গৃহকর্মী শারমিনের সম্পর্কের পরিবর্তনকে ঘিরে এগিয়েছে গল্প। একই ছাদের নিচে আটকে থাকা দুই নারীর নিঃসঙ্গতা, পরস্পরের ওপর মানসিক নির্ভরতা এবং তাদের সম্পর্কের মধ্যে থাকা শ্রেণি ও ক্ষমতার ব্যবধান উঠে এসেছে সিনেমাটিতে। লকডাউনের সময় ধারণ করা সিনেমাটি। জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। শারমিনের ভূমিকায় রয়েছেন মঞ্চাভিনেত্রী মহসিনা আক্তার।
তথ্যসূত্র: রাইজিংবিডি