শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে পর্তুগাল-ওয়েলস

সোনার দেশ ডেস্ক ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে পর্তুগাল-ওয়েলস

প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬ এ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘জি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পর্তুগাল, ওয়েলস, ইন্দোনেশিয়া, বুরুন্ডি ও ফিজি।


আগামী ২২ থেকে ৩১ অক্টোবর আজারবাইজানে অনুষ্ঠিত হবে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬। ফিফার উদ্যোগে অনূর্ধ্ব-১৫ বয়সী ফুটবলারদের নিয়ে এবারই প্রথম এই বৈশ্বিক আয়োজন হতে যাচ্ছে।


বাংলাদেশের জন্য এই আসরটি নিজেদের প্রতিভা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার বড় সুযোগ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান ফুটবলার বাছাই করে অনূর্ধ্ব-১৫ জাতীয় দল গঠনের কাজও করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।


সম্প্রতি বাফুফের আয়োজিত ট্রায়ালে দেশের আট বিভাগের বিভিন্ন একাডেমির ৩২০ জন তরুণ ফুটবলার অংশ নেন।


গ্রুপ পর্বে অবশ্য বেশ ব্যস্ত সূচির মুখোমুখি হবে বাংলাদেশের তরুণরা।তিন দিনের মধ্যে খেলতে হবে পাঁচটি ম্যাচ।ফলে অল্প সময়ের মধ্যে ম্যাচের চাপ সামলে নিজেদের সেরাটা দেওয়াই হবে দলের অন্যতম বড় চ্যালেঞ্জ।


আজারবাইজানের স্থানীয় সময় অনুযায়ী প্রকাশিত এই সূচিতে টানা তিন দিনে পাঁচটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। বিশেষ করে ২৫ ও ২৬ অক্টোবর দিনে দুটি করে ম্যাচ থাকায় খেলোয়াড়দের শারীরিক সক্ষমতার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


বাফুফে জানিয়েছে, দেশের যুব ফুটবলের উন্নয়নে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন দেশের তরুণ ও শক্তিশালী দলের বিপক্ষে খেলার মাধ্যমে বাংলাদেশের ফুটবলাররা আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ পাবেন।


আজারবাইজানে অনুষ্ঠেয় এই আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, বাংলাদেশের নতুন প্রজন্মের ফুটবলারদের জন্য নিজেদের সামর্থ্য যাচাইয়েরও একটি বড় মঞ্চ। পর্তুগাল ও ওয়েলসের মতো দলের বিপক্ষে ম্যাচগুলোতে আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে বাংলাদেশের তরুণরা।


দেশের বয়সভিত্তিক ফুটবলের ধারাবাহিক উন্নয়নে এমন আন্তর্জাতিক অংশগ্রহণ ভবিষ্যতের জাতীয় দলের জন্য প্রতিভাবান খেলোয়াড় তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


বাংলাদেশের ম্যাচের সূচি

২৪ অক্টোবর

বাংলাদেশ বনাম ওয়েলস-সকাল ৯টা


২৫ অক্টোবর

বাংলাদেশ বনাম পর্তুগাল-দুপুর ২টা ৩০ মিনিট

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া-রাত ৮টা ৪৫ মিনিট


২৬ অক্টোবর

বাংলাদেশ বনাম বুরুন্ডি-দুপুর ২টা ৩০ মিনিট

বাংলাদেশ বনাম ফিজি-রাত ৮টা ৪৫ মিনিট।


তথ্যসূত্র: রাইজিংবিডি