পাকশীতে ঢাকনাবিহীন সেফটি ট্যাংকে পড়ে গরুর মৃত্যু!

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীর পাকশীতে ঢাকনাবিহীন একটি সেফটিট্যাংকে পড়ে এক বছর বয়সী একটি এঁড়ে বাছুরের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে পাকশীর রেলওয়ে স্টাফ কোয়ার্টারের নিকট এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিপূরণ ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ চা দোকানি সেলিম রেজা।
ভুক্তভোগী সেলিম রেজা জানান, তিনি পাকশী রেলওয়ের অফিস সংলগ্ন কলোনীর বাসিন্দা। চা দোকানের পাশাপাশি তিনি নিজ বাড়িতে গাভী ও বাছুর লালন-পালন করে থাকেন। রোববার বিকেলে তার পালিত গাভী ও এক বছর বয়সী এঁড়ে বাছুর পাকশী রেলওয়ে পুলিশ লাইন ক্যাম্পের পার্শ্বে ঘাস খেয়ে বাড়ি ফিরছিল।
পাকশী রেলওয়ে স্টাফ কোয়ার্টারের একটি ঢাকনাবিহীন সেফটি ট্যাংকের পাশে দিয়ে যাওয়ার সময় সবার অলক্ষ্যে এঁড়ে বাছুরটি ট্যাংকের মধ্যে পড়ে যায়। সন্ধ্যায় গাভীটি বাড়ি ফিরে এলেও এঁড়ে বাছুরটি না ফেরায় পরিবার পরিজন নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করা হয়।
খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই সেফটি ট্যাংকের মধ্যে এঁড়ে বাছুরটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সেলিম রেজার অভিযোগ রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলার কারণে সেফটি ট্যাংকের ঢাকনা খোলা ছিল। ফলে তার এঁড়ে বাছুরটি সেখানে পড়ে গিয়ে মারা যায়। মৃত বাছুরটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে তিনি ঈশ্বরদী রেলওয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেনে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার উপপরিদর্শক কিশোর কুমার দত্ত এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।