শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলে নিলেন কার্তিক, মাম্মুটি, রণদীপ, ইয়ামি

সোনার দেশ ডেস্ক ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ন বিনোদন
সোনার দেশ ডেস্ক ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ন
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলে নিলেন কার্তিক, মাম্মুটি, রণদীপ, ইয়ামি
সংগৃহীত ছবি

ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান অর্জন করলেন কার্তিক আরিয়ান ও মালয়ালম চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মাম্মুটি। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম।


নতুন পরিচালকের অর্জন ঘরে তুলে নিলেন রণদীপ হুদা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গুজরাটের একতা নগরে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

নয়া দিল্লির বাইরে এটিই প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার আয়োজন।


টাইম অব ইন্ডিয়া জানিয়েছে, কার্তিক আরিয়ান চন্দু চ্যাম্পিয়ান এবং মাম্মুটি ব্রহ্মযুগম সিনেমায় অভিনয়ের জন্য যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন।


অন্যদিকে আর্টিকেল ৩৭০ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর গৌরব অর্জন করেন ইয়ামি গৌতম। সিনেমাটি এবারের আসরে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কারও পেয়েছে।


অভিনয়ের পাশাপাশি এবার পরিচালনায়ও পুরস্কার পেয়েছেন রণদীপ হুদা। স্বতন্ত্র্য বীর সাভারকর সিনেমার জন্য তিনি সেরা নবাগত পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন। সিনেমাটি পরিচালনার পাশাপাশি এতে প্রধান চরিত্রেও অভিনয় করেছেন তিনি।


এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিশেষত্ব হলো, সাত দশকেরও বেশি সময় পর প্রথমবার দিল্লির বাইরে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গুজরাটের কেভাদিয়ার একতা নগরে স্ট্যাচু অব ইউনিটির সামনে অনুষ্ঠিত হয় জমকালো আয়োজনটি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে দেশের বিভিন্ন ভাষার চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের সম্মানিত করা হয়।


এবারের পুরস্কারে জনপ্রিয় চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে কালকি ২৮৯৮ এডি। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আমরান সিনেমার পরিচালক রাজকুমার পেরিয়াসামি।


অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল প্রবীণ অভিনেতা অনন্ত নাগকে ২০২৪ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া দেশের সর্বোচ্চ এই চলচ্চিত্র সম্মাননায় তাঁর পাঁচ দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই দীর্ঘ ক্যারিয়ারে কন্নড়সহ ভারতীয় চলচ্চিত্রে তিনি বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছেন।


তথ্যসূত্র: আল-জাজিরা, বাংলানিউজ