শনিবার, অক্টোবর ০৩, ২০২৬

বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সূচি

সোনার দেশ ডেস্ক ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৪ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৪ অপরাহ্ন
বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সূচি

সংযুক্ত আরব আমিরাত সফরে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে অপেক্ষার অবসান হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের মাঠ চূড়ান্ত হওয়ার পাশাপাশি নিশ্চিত হয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি ও ভেন্যুও।


আগামী ৯ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একমাত্র টেস্টটির সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। এবার ম্যাচটির ভেন্যুও নিশ্চিত করেছে আয়োজকেরা।

টেস্টের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৪ ও ৫ অক্টোবর দুবাইয়ে হবে ম্যাচটি। এরপর আফগানিস্তানের বিপক্ষে পাঁচ দিনের টেস্ট। ৯ অক্টোবর শুরু হয়ে ম্যাচটি চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।


টেস্ট শেষে ওয়ানডেতে ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ। তিন দলকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ১৭ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

দুই দিন পর, ১৯ অক্টোবর একই ভেন্যুতে মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। এরপর সিরিজের শেষ ম্যাচে ২১ অক্টোবর শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।


ত্রিদেশীয় সিরিজের ফাইনালও হবে শারজায়। ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। অর্থাৎ আমিরাত সফরে বাংলাদেশের সামনে থাকছে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে, এর মধ্যে প্রস্তুতি ম্যাচসহ পুরো সফরজুড়ে ব্যস্ত সূচিই অপেক্ষা করছে টাইগারদের।

একনজরে বাংলাদেশের সফরসূচি

৪-৫ অক্টোবর: সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশ-২ দিনের প্রস্তুতি ম্যাচ, দুবাই

৯-১৩ অক্টোবর: আফগানিস্তান-বাংলাদেশ-একমাত্র টেস্ট, আবুধাবি

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ

১৭ অক্টোবর: বাংলাদেশ-জিম্বাবুয়ে-আবুধাবি

১৯ অক্টোবর: আফগানিস্তান-জিম্বাবুয়ে-আবুধাবি

২১ অক্টোবর: আফগানিস্তান-বাংলাদেশ-শারজাহ

২৩ অক্টোবর: ফাইনাল-শারজাহ।

তথ্যসূত্র: রাইজিংবিডি