শেষ হল ক্যাপ্টেন হরমনপ্রীতের সফর, ইস্তফা দিলেন বিশ্বজয়ী অধিনায়ক
তাঁর নেতৃত্বে ইতিহাস গড়েছে ভারতের নারীশক্তি। প্রথমবার বিশ্বকাপ এসেছে তাঁরই অধিনায়কত্বে। মাত্র কয়েকদিন আগে তাঁর নেতৃত্বাধীন ভারতীয় দল এশিয়ান গেমসে সোনা জিতেছে। সেই হরমনপ্রীত কউর এবার সরে দাঁড়ালেন ভারতীয় দলের নেতৃত্ব থেকে। সব ফরম্যাটের নেতৃত্বই ছেড়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার এই ঘোষণার ফলে ভারতীয় ক্রিকেটে এক যুগের অবসান হল।
ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণা করেছেন হরমনপ্রীত। লিখেছেন, ‘ভারতীয় মহিলা দলের অধিনায়কের দায়িত্ব ছাড়লাম আজ থেকে। সিদ্ধান্তটা মোটেই সহজ ছিল না। বহু বছরের স্মৃতি, আবেগ, আত্মত্যাগ জড়িয়ে রয়েছে। এই দল এবং ভারতের মহিলা ক্রিকেটের জন্য আমি সর্বস্ব দিয়েছি। নিজের খেলার সঙ্গেও আপোস করেছি অধিনায়ক হিসাবে। মনে করেছি, সবার আগে দল। তাই নিজের চাওয়া-পাওয়াকে অগ্রাহ্য করেছি।’
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন