নতুন দায়িত্ব, নতুন অধ্যায়, ভারতীয় নারী ক্রিকেট দলের নেতৃত্বে এবার স্মৃতি মান্ধানা
ভারতীয় নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে স্মৃতি মান্ধানার নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এবার থেকে ভারতের সাদা বলের ক্রিকেটে পূর্ণসময়ের অধিনায়কের দায়িত্ব সামলাবেন এই তারকা ব্যাটার।
২০১৩ সাল থেকে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন স্মৃতি। দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতার পাশাপাশি ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নেতৃত্বের দক্ষতা দেখিয়েছেন তিনি। সম্প্রতি তাঁর নেতৃত্বেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০২৪ এবং ২০২৬ সালে মহিলাদের আইপিএল জিতেছে।
এর আগে ভারতীয় দলকে ১৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক এবং ৪টি একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন স্মৃতি। এবার স্থায়ীভাবে দলের নেতৃত্ব তাঁর হাতে তুলে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
অধিনায়ক নির্বাচিত হওয়ার পর স্মৃতি বলেন, “ভারতকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পাওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের। ভারতের প্রতিনিধিত্ব করা সবসময়ই আমার কাছে গর্বের বিষয়।”
পাশাপাশি প্রাক্তন অধিনায়ক হরমনপ্রীত কৌরের অবদানের কথাও উল্লেখ করেন স্মৃতি। তিনি বলেন, হরমনপ্রীত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং ভারতীয় নারী ক্রিকেটের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বিসিসিআই সভাপতি মিথুন মানহাস স্মৃতিকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর অভিজ্ঞতা ও ক্রিকেট সম্পর্কে গভীর জ্ঞান ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। একই সঙ্গে বিসিসিআি তাঁর ওপর পূর্ণ আস্থা রাখছে বলেও জানান তিনি।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াও স্মৃতির নেতৃত্বের প্রশংসা করেন। তাঁর মতে, আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা এবং আরসিবি-কে নারীদের আইপিএলে চ্যাম্পিয়ন করার সাফল্য স্মৃতিকে ভারতের নেতৃত্ব নেওয়ার জন্য আরও শক্তিশালী প্রার্থী করে তুলেছে।
নতুন অধিনায়কের নেতৃত্বে ভারতীয় নারী ক্রিকেট এবার নতুন অধ্যায়ের পথে এগোতে চলেছে।
তথ্যত্রƒত্র: আজকাল অনলাইন