শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যায় বিশ্বে অষ্টম বাংলাদেশ: বিইএস

সোনার দেশ ডেস্ক ১২ নভেম্বর ২০২৬ ০৯:৩৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১২ নভেম্বর ২০২৬ ০৯:৩৫ অপরাহ্ন
ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যায় বিশ্বে অষ্টম বাংলাদেশ: বিইএস

ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০৪৫ সালের মধ্যে দেশে এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ২ কোটি ২৩ লাখে দাঁড়াতে পারে। তখন আক্রান্তের সংখ্যায় বাংলাদেশ বিশ্বে সপ্তম অবস্থানে উঠে আসতে পারে। উদ্বেগের বিষয়, আক্রান্তদের বড় একটি অংশ জানেন না যে তারা ডায়াবেটিসে ভুগছেন।


এ অবস্থায় রোগটি প্রতিরোধ, আগাম শনাক্তকরণ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, শুধু ওষুধনির্ভর চিকিৎসা দিয়ে ডায়াবেটিসের প্রকোপ ও জটিলতা কমানো সম্ভব নয়। এজন্য জীবনযাত্রায় পরিবর্তন, নিয়মিত পরীক্ষা এবং প্রাথমিক পর্যায় থেকে চিকিৎসা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশে বিশেষায়িত চিকিৎসা সেবা সম্প্রসারণে জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন তারা।


বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির (বিইএস) নেতারা।


সংবাদ সম্মেলনে বিইএসের সভাপতি ও বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফারিয়া আফসানা বলেন, ৩৫ বছর বা তার বেশি বয়সী প্রত্যেকের নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। এর কম বয়সীদের মধ্যে যাদের ওজন বেশি, পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, উচ্চ রক্তচাপ, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) কিংবা গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাদেরও আগেভাগে পরীক্ষা করানো প্রয়োজন।


তিনি বলেন, শরীরের ওজন ৫ থেকে ৭ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয় গ্রহণ নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। রক্তে গ্লুকোজ, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট (ওজিটিটি) ও এইচবিএ১সি পরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত করা যায়।


ডায়াবেটিস শনাক্ত হওয়ার পর থেকেই চোখ, কিডনি, স্নায়ু ও পায়ের রক্তসঞ্চালন পরীক্ষা করা প্রয়োজন বলে জানান তিনি। পাশাপাশি রক্তে শর্করা, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ।


বিইএসের সাধারণ সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক এম সাইফুদ্দিন বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ডায়াবেটিসের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও ডায়েটিশিয়ানদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে। উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের জন্য সনদযুক্ত প্রশিক্ষণ, অনলাইন পরামর্শ এবং সহজবোধ্য জাতীয় চিকিৎসা নির্দেশিকা প্রয়োজন।


তিনি বলেন, কমিউনিটি পর্যায়ে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের শনাক্ত করা, নিয়মিত পরীক্ষা এবং রোগীদের ফলোআপ নিশ্চিত করতে হবে। চিকিৎসা সেবার মান যাচাইয়ে জাতীয় পর্যায়ে রোগীর তথ্যভান্ডার ও চিকিৎসা সেবার মূল্যায়ন ব্যবস্থা গড়ে তোলাও জরুরি।


বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক শাহজাদা সেলিম বলেন, ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ প্রতিরোধে শৈশব থেকেই স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে। এজন্য প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বয়স উপযোগী স্বাস্থ্যশিক্ষা চালু করা প্রয়োজন।


তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যানটিনে চিনিযুক্ত পানীয় ও অস্বাস্থ্যকর খাবারের সহজলভ্যতা কমাতে হবে। পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শারীরিক কার্যক্রম নিশ্চিত করতে হবে। ডায়াবেটিস বিষয়ে গণমাধ্যমে সঠিক তথ্য প্রচার এবং রোগ সারানোর নামে প্রতারণামূলক বিজ্ঞাপন বন্ধেও কার্যকর উদ্যোগ প্রয়োজন। গর্ভকালীন ডায়াবেটিসের বিষয়ে বিইএসের প্রেস ও মিডিয়া সেক্রেটারি এবং গ্রিন লাইফ মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক তানজিনা হোসেন বলেন, গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকলে মা ও নবজাতক উভয়েরই বিভিন্ন জটিলতার ঝুঁকি বাড়ে। এ ছাড়া গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত নারীদের পরবর্তী জীবনে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি প্রায় ৯ থেকে ১০ গুণ বেশি।


এজন্য গর্ভবতী নারীদের নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা, গর্ভধারণের আগে প্রয়োজনীয় পরামর্শ এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করতে হবে। সন্তান প্রসবের ৪ থেকে ১২ সপ্তাহের মধ্যে মায়ের আবার ডায়াবেটিস পরীক্ষা এবং পরবর্তী সময়েও নিয়মিত ফলোআপ প্রয়োজন বলে জানান তিনি।


দেশে ডায়াবেটিস ছাড়াও থাইরয়েড, স্থূলতা, অস্টিওপোরোসিস, ভিটামিন-ডি ঘাটতি, পিসিওএস, বন্ধ্যত্বসহ বিভিন্ন হরমোনজনিত রোগের চিকিৎসায় বিশেষায়িত সেবা প্রয়োজন বলে মনে করেন বিইএসের কোষাধ্যক্ষ ও ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মির্জা শরিফুজ্জামান।


তিনি বলেন, এসব রোগের সমন্বিত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি, উচ্চতর প্রশিক্ষণ ও দেশীয় গবেষণা জোরদারে জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ প্রতিষ্ঠানে এন্ডোক্রাইনোলজিস্টের পাশাপাশি শিশু হরমোন বিশেষজ্ঞ, ডায়েটিশিয়ান, চক্ষু, কিডনি ও হৃদ্রোগ বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা সেবা চালু করা গেলে রোগীদের ভোগান্তি ও চিকিৎসা ব্যয় কমবে।


সংবাদ সম্মেলনে ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসা উন্নয়নে ছয় দফা সুপারিশ তুলে ধরে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। এর মধ্যে রয়েছে জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং আগামী ৫ থেকে ১০ বছরের কর্মপরিকল্পনা ঘোষণা।


এছাড়া ৩৫ বছর বা তার বেশি বয়সীদের নিয়মিত ডায়াবেটিস পরীক্ষার আওতায় আনা, কম বয়সীদের মধ্যে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগাম শনাক্ত করা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ডায়াবেটিসের ওষুধ, গ্লুকোমিটার ও এইচবিএ১সি পরীক্ষার উপকরণ সরবরাহ নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।


গর্ভবতী নারীদের ডায়াবেটিস পরীক্ষা, ইনসুলিনের সহজলভ্যতা এবং সন্তান প্রসবের পর নিয়মিত ফলোআপ নিশ্চিত করার কথাও বলা হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যশিক্ষা, সরকারি পর্যায়ে এন্ডোক্রাইনোলজিস্টের পদ সৃষ্টি, বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, রোগীদের জাতীয় তথ্যভান্ডার তৈরি এবং চিকিৎসা সেবার মান যাচাইয়ের ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করেছে সংগঠনটি।


তথ্যসূত্র: রাইজিংবিডি