শ্রমিক দলের নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা
নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় মোহাম্মদ রাসেল (২৭) নামে শ্রমিক দলের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের চৌকিদার বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাসেল একই ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি চাটখিল উপজেলা শ্রমিক দলের সদস্য ছিলেন। নোয়াখলা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক পপ্রার্থী ছিলেন রাসেল।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের কারণে রাসেলের সঙ্গে তার স্ত্রী মুক্তা বেগমের বিচ্ছেদ হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সন্তান দুটি বাবার সঙ্গে থাকত। গত ৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সংসার করার প্রলোভন দেখিয়ে রাসেলকে শ্বশুরবাড়িতে ডেকে নেন স্ত্রী মুক্তা বেগম ও শ্যালিকা রত্না। এর পর থেকে নিখোঁজ ছিলেন রাসেল। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে, রাসেল নিখোঁজ হওয়ার পর থেকেই তার স্ত্রী মুক্তা বেগম ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।
চাটখিল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান রানা জানিয়েছেন, শ্রমিক দলের নেতাদের নিয়ে বুধবার রাতে তিনি থানায় যান। পরে পুলিশকে সঙ্গে নিয়ে রাসেলের শ্বশুরবাড়িতে যান। বুধবার দিবাগত রাত ২টার দিকে বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে তাদের সন্দেহ হয়। ঘরে তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পান। মরদেহটি পুরনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার রড উদ্ধার করেছে।
নিহতের বাবা সিরাজুল ইসলাম বলেছেন, “আমার ছেলেকে হত্যা করা হয়েছে।” তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানিয়েছেন, শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়। তার শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: রাইজিংবিডি