প্রতিবন্ধী যুবকদের দক্ষতা উন্নয়নে পার্বতীপুরে সচেতনতামূলক সভা
দিনাজপুরের পার্বতীপুরে প্রতিবন্ধী শিশু ও যুবকদের উপযোগী কারিগরি প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে পার্বতীপুর কারিগরি ও বাণিজ্যিক কলেজে বেসরকারি সংস্থা ‘কাম টু ওয়ার্ক’-এর ‘ম্যাপ ইন সিবিআর’ প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন।
কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় প্রকল্প কর্মকর্তা সাজ্জাদুর রহমান উপস্থাপনা করেন। এ সময় প্রকল্পের ফোকাল মোকাররম হোসেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর মনজুরুল হক, সিবিআর কর্মকর্তা রাধা রাণী রায়সহ কলেজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশু ও যুবকদের কারিগরি প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে। প্রশিক্ষণ প্রতিষ্ঠানে তাদের জন্য উপযোগী পরিবেশ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি। এতে তারা বিভিন্ন ট্রেডে দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান ও উপার্জনের সুযোগ পাবেন।
সভায় কলেজের শিক্ষকরা তাঁদের প্রতিষ্ঠানে বিভিন্ন প্রশিক্ষণ ও সেবা প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধী যুবকদের অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তাঁদের দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতার আশ্বাস দেন।