মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

ডায়াবেটিস-হৃদরোগসহ আরও যেসব রোগের ঝুঁকি বাড়ায় চিনি

সোনার দেশ ডেস্ক ২৪ নভেম্বর ২০২৬ ০২:০৮ অপরাহ্ন জীবনশৈলী
সোনার দেশ ডেস্ক ২৪ নভেম্বর ২০২৬ ০২:০৮ অপরাহ্ন
ডায়াবেটিস-হৃদরোগসহ আরও যেসব রোগের ঝুঁকি বাড়ায় চিনি

সকালে চায়ের কাপে দু-চামচ চিনি, সঙ্গে দুটো বিস্কুট। চায়ে চিনি একটু বেশি না হলে যেন ঠিক জমে না। দুপুরে খাওয়ার পর ভাতের পাতে এক-আধটা মিষ্টি। কখনো বিকেলে ঘুরতে বের হয়ে একটা চকোলেট, কোমল পানীয় বা আইসক্রিম। এভাবে নিজের অজান্তেই প্রতিদিন কতটা বাড়তি চিনি খাচ্ছেন, তা কি কখনো ভেবে দেখেছেন?

কোন খাবারগুলোতে চিনির পরিমাণ বেশি থাকে?

আমরা অনেকেই মনে করি, শুধু মিষ্টি খাবারেই চিনি থাকে। কিন্তু দৈনন্দিন খাদ্যতালিকার অনেক খাবারেও বাড়তি চিনি থাকতে পারে। যেমন—

- কোমল পানীয়

- প্যাকেটজাত জুস

- ফ্লেভারযুক্ত দই

- রেডি-টু-ইট সিরিয়াল

- বিস্কুট

- কেক

- চকোলেট

- মিষ্টিজাতীয় খাবার

- পেস্ট্রি ও অন্যান্য বেকারি পণ্য

- কিছু স্যুপ

- পাউরুটি

- প্রক্রিয়াজাত মাংস

- কেচাপ ও বিভিন্ন সস

এছাড়া ফলমূল, শাকসবজি ও দুধে প্রাকৃতিকভাবে চিনি থাকে। তবে এসব খাবারে থাকা প্রাকৃতিক চিনি এবং খাবারে আলাদাভাবে যোগ করা চিনি এক বিষয় নয়। ফল, শাকসবজি ও দুধের মতো পুষ্টিকর খাবার শুধু চিনির উপস্থিতির কারণে বাদ দেওয়ার প্রয়োজন নেই।

প্রতিদিন কতটুকু চিনি খাওয়া স্বাস্থ্যসম্মত?

বিভিন্ন গবেষণার তথ্যের বরাত দিয়ে পুষ্টিবিদ আঞ্জুমান আরা বলেন, ‘প্রতিদিনের খাবার ও পানীয় থেকে পাওয়া ক্যালোরির ৫ শতাংশের বেশি চিনি নয়।’

এই হিসাবে চিনি গ্রহণের পরিমাণ দাঁড়ায়—

- প্রাপ্তবয়স্কদের জন্য দিনে সর্বোচ্চ ৭-৮ চা-চামচ চিনি।

- ৭-১০ বছর বয়সী শিশুদের জন্য দিনে সর্বোচ্চ ৬ চা-চামচ।

- ৪-৬ বছর বয়সী শিশুদের জন্য দিনে সর্বোচ্চ ৫ চা-চামচ।

- ২-৩ বছর বয়সী শিশুদের জন্য দিনে সর্বোচ্চ সাড়ে ৩ চা-চামচ।

- ১ বছর বয়সী শিশুদের জন্য দিনে সর্বোচ্চ আড়াই চা-চামচ।

- ১ বছরের কম বয়সী শিশুদের খাবারে বাড়তি চিনি না মেশানোর পরামর্শ দেওয়া হয়। তাদের দৈনন্দিন খাবারের তালিকায় মিষ্টিজাতীয় খাবারও অপেক্ষাকৃত কম রাখার পরামর্শ দেওয়া হয়।


অতিরিক্ত চিনি খেলে কী হয়?

পুষ্টিবিদ আঞ্জুমান আরা শিমুলের মতে, নিয়মিত অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস শরীরের জন্য নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে স্থূলতা, ইনসুলিন প্রতিরোধ ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। এছাড়া দাঁত, হৃদ্যন্ত্র, যকৃৎ ও ত্বকের ওপরও এর প্রভাব পড়তে পারে।


দাঁতের ক্ষয়: অতিরিক্ত চিনিজাতীয় খাবার খাওয়ার অন্যতম ক্ষতিকর দিক হলো দাঁতের ক্ষয়। সারাদিন অল্প অল্প করে মিষ্টিজাতীয় খাবার খেতে থাকলে দাঁত বারবার চিনির সংস্পর্শে আসে। মুখের ব্যাকটেরিয়া এই চিনি ব্যবহার করে অ্যাসিড তৈরি করে। ফলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হয় এবং দাঁতে ক্ষয় ও ক্যাভিটি হওয়ার ঝুঁকি বাড়ে।


হৃদরোগের ঝুঁকি: প্রতিদিন নানা ধরনের মিষ্টিজাতীয় খাবার ও পানীয় খাওয়ার অভ্যাস যে হৃদ্যন্ত্রের জন্য ঝুঁকি তৈরি করতে পারে, তা অনেকেই জানেন না। বিশেষ করে চিনিযুক্ত পানীয় ও খাবার নিয়মিত বেশি খেলে ওজন বাড়তে পারে। রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা ও রক্তচাপ বেড়ে যাওয়ার পাশাপাশি হৃদ্রোগের ঝুঁকিও বাড়তে পারে।


আঞ্জুমান আরা শিমুল বলেন, মিষ্টিজাতীয় পানীয় বেশি পান করার সঙ্গে হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ার সম্পর্ক রয়েছে।

টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি: চিনিযুক্ত খাবার বেশি খাওয়ার ফলে শরীরে অতিরিক্ত ক্যালরি জমে ওজন বাড়তে পারে। বিশেষ করে পেটে অতিরিক্ত চর্বি জমলে ইনসুলিন প্রতিরোধের ঝুঁকি বাড়ে। দীর্ঘদিন এমন খাদ্যাভ্যাস চলতে থাকলে শরীরের ইনসুলিনের কার্যকারিতা কমে যেতে পারে। ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।


অকালে ত্বকে বয়সের ছাপ: অতিরিক্ত চিনি খাওয়ার সঙ্গে ত্বকের অকালবার্ধক্যের সম্পর্ক রয়েছে। শরীরে অতিরিক্ত চিনি প্রোটিনের সঙ্গে বিক্রিয়া করে এজিই নামের কিছু যৌগ তৈরি করতে পারে। এসব যৌগ ত্বকের কোলাজেন ও ইলাস্টিনের ক্ষতি করে।


কোলাজেন ও ইলাস্টিন ত্বককে নমনীয় ও টানটান রাখতে সাহায্য করে। এগুলো ক্ষতিগ্রস্ত হলে ত্বকে বলিরেখা দেখা দিতে পারে এবং ত্বক তার স্বাভাবিক দৃঢ়তা হারাতে পারে।


ফ্যাটি লিভারের ঝুঁকি: মিষ্টি পানীয় ও বিভিন্ন প্রক্রিয়াজাত খাবারে ফ্রুক্টোজ থাকতে পারে। এটি এক ধরনের চিনি, যা মূলত যকৃতে বিপাক হয়। অতিরিক্ত ফ্রুক্টোজ ভেঙে ফ্যাটে পরিণত হতে পারে, যা লিভারে জমা হতে থাকে। এটি ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায়।


ঘুমের সমস্যা: অতিরিক্ত চিনিযুক্ত খাবার খাওয়ার সঙ্গে ঘুমের মান খারাপ হওয়ার সম্পর্ক পাওয়া গেছে। বিশেষ করে রাতে বেশি মিষ্টি খাবার বা পানীয় খাওয়ার অভ্যাস ঘুমের স্বাভাবিক ছন্দে প্রভাব ফেলতে পারে। ফলে রাতে বারবার ঘুম ভাঙা বা পর্যাপ্ত বিশ্রাম না হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।


শক্তি ও কর্মক্ষমতা কমে যাওয়া: চিনিযুক্ত খাবার খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। এতে সাময়িকভাবে আমরা বেশ এনার্জেটিক অনুভব করি। তবে এই অনুভূতি দীর্ঘস্থায়ী হয় না। কিছু সময় পর আবার ক্ষুধা বা ক্লান্তি অনুভূত হতে পারে। ফলে তন্দ্রাভাব আসে এবং দিনে সজাগ থাকা কঠিন হয়ে পড়ে। অতিরিক্ত চিনিযুক্ত খাবারের ওপর নির্ভরশীলতা দৈনন্দিন কর্মক্ষমতাতেও প্রভাব ফেলতে পারে।


খাবারে চিনি কমানোর উপায়

আপনি কি ভাবছেন, চিনিজাতীয় খাবার খাওয়ার অভ্যাস কমানো সম্ভব নয়? আসলে কিছু সহজ পরিবর্তনের মাধ্যমে প্রতিদিনের খাবারে বাড়তি চিনির পরিমাণ কমানো যায়। 


খাবারের মোড়কের লেবেল পড়ুন: কোনো খাবার কেনার আগে প্যাকেটের গায়ের নিউট্রিশন লেবেল পড়ে দেখুন। তাতে কতটুকু চিনি রয়েছে, তা যাচাই করুন। বিশেষ করে ‘অ্যাডেড সুগার’ বা বাড়তি চিনির পরিমাণের দিকে নজর দিন।


নিজের ইচ্ছা নিয়ন্ত্রণ করুন: যখন মিষ্টিজাতীয় খাবার বা পানীয় খেতে ইচ্ছা করবে, তখন ভেবে দেখুন সত্যিই ক্ষুধা পেয়েছে কি না। ক্ষুধা পেলে মিষ্টির বদলে ফল, বাদাম বা অন্য কোনো পুষ্টিকর খাবার খেতে পারেন। পর্যাপ্ত পানিও পান করুন। কিংবা কিছু সময়ের জন্য একটু হাঁটাহাঁটি করে আসতে পারেন।


পুষ্টিকর খাবার গ্রহণ করুন: প্রোটিন ও ফাইবার-সমৃদ্ধ খাবার খেলে পেট দীর্ঘ সময়ের জন্য ভরা থাকে এবং মিষ্টিজাতীয় খাবারের প্রতি ক্রেভিংস তৈরি হওয়ার সুযোগ কম থাকে।