সোমবার, আগস্ট ২৪, ২০২৬

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু, আহত-২

WP Import ১২ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৪১ অপরাহ্ন
WP Import ১২ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৪১ অপরাহ্ন
পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু, আহত-২
পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু, আহত-২


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে,একই ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। কভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত ও দুইজন আহত হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ) রাত সাড়ে ৮ টার দিকে পার্বতীপুর পৌরসভা এলাকার তাজ রাইচ মিলের সামনে পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মাসুদ রানা (২০)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ ভবানীপুর সরকারপাড়ার বাসিন্দা। আহতরা হলেন,মোস্তাইল ইসলাম রিফাত (১৯) ও মাসুম মিয়া (১০)।

জানা গেছে, মাসুদ রানা মোটরসাইকেলে তার দুই বন্ধুকে নিয়ে খোলাহাটি বাণিজ্য মেলা থেকে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে দ্রুতগতি সম্পন্ন ঢাকা মেট্রো-ন-১৩-৬৩৭৮ নম্বর কভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মাসুদ রানা ঘটনাস্থলেই মারা যান এবং তার দুই সঙ্গী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ল্যাম্প হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে গুরুতর আহত মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই হাবিবুর রহমান থানায় মামলা দায়ের করেছেন। পার্বতীপুর মডেল থানায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৫/৯৮/১০৫ ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তভার এসআই পিন্টু কুমার দাসকে দেওয়া হয়েছে।

কভার্ড ভ্যানটি থানা পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর থেকে ভ্যানের চালক পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে বর্তমানে ঘটনাস্থলের আইনশৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক আছে বলে জানা যায়।