রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ঈশ্বরদীতে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

WP Import ৩১ আগস্ট ২০২৫ ০২:০২ অপরাহ্ন
WP Import ৩১ আগস্ট ২০২৫ ০২:০২ অপরাহ্ন
ঈশ্বরদীতে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
ঈশ্বরদীতে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদীতে শারমিন আক্তার লিমা (২৫) নামের এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামে এ ঘটনা ঘটে। স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে স্বামী আশিকুর রহমান শাওনকে রোববার সকালে আটক করেছে পুলিশ। মৃত লিমা দিয়াড় বাঘইল গ্রামের আশিকুর রহমান শাওনের স্ত্রী এবং পার্শ্ববর্তী জয়নগর গ্রামের মৃত আদম আলী মন্ডলের মেয়ে। ৬ বছর আগে শাওনের সঙ্গে লিমার বিয়ে হয়। তাদের তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

লিমার ভাই রাজন আলী অভিযোগ করে বলেন, আমার বোনকে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পরে আমাকে রাত ৩টার দিকে মোবাইলে কল করে আত্মহত্যার কথা বলা হয়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখি, স্বামী শাওন আমার বোনের মৃতদেহ খাটের ওপর শুইয়ে রেখে বসে আছে।

স্থানীয়রা জানান, দাম্পত্য কলহ নিয়ে লিমা-শাওন দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। এ নিয়ে ইতোপূর্বে একাধিকবার শালিস বৈঠকও হয়েছে।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাকিউল আযম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করার পর সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্ত্রীকে হত্যার অভিযোগে নিহত গৃহবধু লিমার স্বামী শাওনকে আটক করা হয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর বলেন, প্রাথমিকভাবে জিডিমূলে ময়না তদন্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহত লিমার পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যার অভিযোগ তদন্ত করার পর বিস্তারিত তথ্য জানা যাবে। এর পর হত্যা মামলা হিসেবে নথিভূক্ত করা হবে।